নভেম্বরে ঢাকায় ২১.১ কিলোমিটারের হাফ ম্যারাথন
দেশ-বিদেশের প্রায় সাত হাজার প্রতিযোগীর অংশগ্রহণে আগামী নভেম্বরে ঢাকায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দূরপাল্লার দৌড় প্রতিযোগিতা ‘নভো নরডিস্ক ঢাকা হাফ ম্যারাথন ২০১৫’।
মানুষের মাঝে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তাঁদের নিয়মিত শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে ডেনমার্কের বহুজাতিক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান নভো নরডিস্ক আগামী ১৩ নভেম্বর এ ম্যারাথন দৌড়ের আয়োজন করেছে।
এ বিষয়ে গতকাল বুধবার দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস সামনে রেখে এ ম্যারাথন দৌড়ে বাংলাদেশ ছাড়াও উগান্ডা, ইথিওপিয়া এবং কেনিয়ার প্রতিযোগীরা অংশ নেবেন। অংশগ্রহণকারীরা নগরের গুলশান পার্ক থেকে হাতিরঝিল ঘুরে তেজগাঁও শিল্প এলাকা এবং মহাখালী আইসিডিডিআরবির সামনে থেকে নভো থিয়েটার ও সামরিক জাদুঘর হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে ২১.১ কিলোমিটারের দৌড় শেষ করবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের সর্বনিম্ন বয়সসীমা ১৩ বছর এবং নিবন্ধন ফি আড়াই শ টাকা। ১৫ অক্টোবরের মধ্যে www.dhakamarathon.org এই ঠিকানায় নিবন্ধন করা যাবে। প্রতিযোগিতা শেষে আন্তর্জাতিক নারী ও পুরুষ বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রত্যেককে ১৫০০, ১০০০ ও ৭০০ ডলার করে প্রদান করা হবে। একইভাবে দুই বিভাগে দেশের বিজয়ীরা পাবেন ৫০০, ৪০০ ও ৩০০ ডলার করে।
সংবাদ সম্মেলনে নভো নরডিস্ক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এ রাজন কুমার বলেন, ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জন্য স্বাস্থ্যকর জীবন যাপনের বিকল্প নেই। আমরা আশা করছি, এ প্রতিযোগিতা নতুন প্রজন্মের মাঝে নিয়মিত শরীরচর্চায় উৎসাহ জোগাবে।’ সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন নভো নরডিস্ক বাংলাদেশের মার্কেটিং বিভাগের প্রধান মোহাম্মদ সাইফুল।