নভেম্বরে প্রথমবারের মতো বাংলাদেশ দূত সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের কূটনীতিকদের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ দূত সম্মেলন। আগামী ৭, ৮ ও ৯ নভেম্বর তিন দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সংসদীয় কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান প্রথম আলোকে বলেন, কমিটির আগের বৈঠকে এ ধরনের সম্মেলন আয়োজনের জন্য মন্ত্রণালয়কে তাগিদ দেওয়া হয়েছিল। গতকাল মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটিকে জানায়, ৭-৯ নভেম্বর এই সম্মেলনের সম্ভাব্য তারিখ। এতে রোহিঙ্গা সমস্যার পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, প্রবাসী শ্রমিকদের কল্যাণসহ সামগ্রিক বিষয়ে সরকারের নীতি নিয়ে দূতাবাসগুলোর ভূমিকা পর্যালোচনা হবে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি ১৯৭১ সালের গণহত্যার বিষয়ে তথ্যসূত্র উল্লেখ করে সংক্ষিপ্ত পুস্তিকা ও ডকুমেন্টারি প্রস্তুত করে সব দেশের বাংলাদেশ মিশনে পাঠানোর সুপারিশ করেছে।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি দীপু মনি।