নভেম্বরে বাংলাদেশ দূত সম্মেলন
বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের কূটনীতিকদের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ দূত সম্মেলন। আগামী ৭, ৮ ও ৯ নভেম্বর তিন দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
জানতে চাইলে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান প্রথম আলোকে বলেন, কমিটির আগের বৈঠকেই এ ধরনের সম্মেলন আয়োজনের জন্য মন্ত্রণালয়কে তাগিদ দেওয়া হয়েছিল। এ সম্মেলনে রোহিঙ্গা সমস্যার পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, প্রবাসী শ্রমিকদের কল্যাণসহ সামগ্রিক বিষয়ে বর্তমান সরকারের নীতি ও অবস্থান, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে দূতাবাসগুলোর ভূমিকা পর্যালোচনা হবে। এসব ক্ষেত্রে কোথাও কোনো দুর্বলতা থাকলে তা চিহ্নিত করা হবে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০১২-১৩ সালে প্রথম এ ধরনের সম্মেলনের চিন্তা করা হলেও তা বাস্তবে রূপ নেয়নি। এবারই প্রথম এ ধরনের সম্মেলন হতে যাচ্ছে।
বৈঠক সূত্র জানায়, জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যসহ পুরো কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের অবস্থান জোরালোভাবে তুলে ধরাসহ নারীর ক্ষমতায়ন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি ১৯৭১ সালের গণহত্যা বিষয়ে তথ্যসূত্র উল্লেখ করে সংক্ষিপ্ত পুস্তিকা ও ডকুমেন্টারি প্রস্তুত করে সব দেশের বাংলাদেশ মিশনে পাঠানোর সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি দীপু মনির সভাপতিত্বে কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, সোহরাব উদ্দিন, কাজী নাবিল আহমেদ, রাজী মোহাম্মদ ফখরুল, সেলিম উদ্দিন ও মাহজাবিন খালেদ বৈঠকে অংশ নেন।