নভেম্বরে হালকা শীত, ডিসেম্বরে কড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরৎ বিদায় নিয়েছে সেই কবে। সাদা কাশফুল এখন ধূসর। বৃষ্টিও নেই বললেই চলে। সূর্য পাটে যায় দ্রুত, বিকেল পাঁচটা বাজতে না বাজতে নেমে আসে সন্ধ্যা। কার্তিক মাস যাই যাই করলেও, শীত সেভাবে আসেনি। কেবল পদধ্বনি পাওয়া যাচ্ছে। তাহলে কাঁপন ধরা শীত নামবে কবে?
আবহাওয়া অধিদপ্তর বলছে, ডিসেম্বর মাসের আগে নয়। অর্থাৎ, অগ্রহায়ণ পেরিয়ে পৌষ মাস এলেই নাম কাঁপ ধরা শীত। এ সময় বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে বাংলাদেশের ওপর।
নভেম্বর থেকে জানুয়ারি—আবহাওয়া অধিদপ্তরের তিন মাসের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বর মাসে রাতের বেলা ক্রমান্বয়ে তাপমাত্রা কমতে থাকবে। এর সঙ্গে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদী অববাহিকায় ভোরবেলা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় প্রতিদিন গড়ে সাত থেকে আট ঘণ্টা সূর্যের কিরণকাল থাকতে পারে।
তবে ডিসেম্বর মাসের শেষের দিকে দুই-একটি মৃদু অথবা শৈত্যপ্রবাহের প্রভাবে জেঁকে বসতে পারে শীত। মৃদু শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এ ছাড়া মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেলে আরও ২ ডিগ্রি সেলসিয়াস কমে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলিসয়াসে কমে আসার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কুয়াশাও পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কিন্তু জানুয়ারি মাসে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহে আরও শীত পড়তে পারে। বিশেষ কমে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে শীতের তীব্রতা বেশি থাকবে। এসব অঞ্চলে তাপমাত্রা এ সময় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। এর সঙ্গে ঘন কুয়াশা পড়বে সারা দেশে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, নভেম্বর মাসে সারা দেশে হাড় কাঁপানো শীত খুব একটা পড়ে না। এর কারণ সম্পর্কে আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক শাহ আলম প্রথম আলোকে বলেন, সূর্য যত দক্ষিণ গোলার্ধের দিকে যাবে শীতের তীব্রতা ততটাই বড়তে থাকবে। তা ছাড়া দিনের ব্যাপ্তিও কমে আসায় ডিসেম্বর থেকে এ দেশে শীত পড়তে শুরু করে। তখন উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বাতাস বাংলাদেশের দিকে আসায় তাপমাত্রা আরও কমে আসে। এর সঙ্গে যদি সাইবেরিয়া থেকে আসা হিমেল বাতাস যোগ হয় তাহলেই হাড় কাঁপানো শীত পড়বে। এ সময় পরিস্থিতি ডিসেম্বর মাসের আগে সাধারণত হয় না।
এদিকে শীত না পড়লেও দেশের বেশির ভাগ অঞ্চলে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩২ দশমিক ২ ডিগ্রি এবং আজ শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।