অর্থ আত্মসাৎ, ঘুষ গ্রহণ, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগে গত নভেম্বর মাসে ২৬টি মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ মোট ৫৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে আরও ১৫টি মামলা করা হয়েছে।গতকাল রোববার দুদকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এতে আরও জানানো হয়, নভেম্বরে ১৫টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে ১২৬ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দুদক। সব মিলিয়ে ২০১০ সালে এ পর্যন্ত মোট ৪৪৪টি মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে দুদক। একই সময়ে মোট ২২৮টি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে এবং ২৫৬টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে।এসব অভিযোগপত্রে যাঁদের অভিযুক্ত করা হয়েছে, তাঁদের মধ্যে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তাঁর বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বিনিয়োগ বোর্ডের সাবেক নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমান, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র টি আর এম নূর-ই-আলম হেলাল, কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সাংসদ মজিবুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র আবু তাহের মিয়া, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আহম্মদ, শ্রীমঙ্গল উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ্ আল মামুন, মাদারীপুরের সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী প্রেমাচাঁদ রায়, লালমনিরহাটের সাবেক সিভিল সার্জন আবদুল ছোবহান, ঢাকা সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোশারফ হোসেন, ঢাকা ওয়াসার অঞ্চল-১-এর রাজস্ব পরিদর্শক মিজানুর রহমান প্রমুখ।এদিকে গত নভেম্বর মাসে অনুমোদন করা ২৬টি অভিযোগপত্রে যাঁদের অভিযুক্ত করা হয়েছে, তাঁদের মধ্যে আছেন পশুসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক কাজী ইমদাদুল হক (জ্ঞাত আয়বহির্ভূত ১৮ লাখ ৪১ হাজার ৮১৯ টাকা অর্জনের অভিযোগ), সাবেক কাস্টমস কমিশনার এ টি এম মিজানুল হক (৬৩ লাখ দুই হাজার ৯৫৫ টাকা অর্জনের অভিযোগ), সাবেক উপকর কমিশনার শাহজাহান আলী ও অংকুর নেছা (সরকারি ২৫ লাখ দুই হাজার ৮০০ টাকা ক্ষতিসাধনের অভিযোগ), ব্রাহ্মণবাড়িয়ার মোগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনির হোসেন, এলজিইডির সাবেক উপজেলা প্রকৌশলী মাহাতাব উদ্দিন, উপসহকারী প্রকৌশলী সুভাষ চন্দ্র দাস (এক লাখ আট হাজার তিন টাকা আত্মসাতের অভিযোগ), যশোরের নাভারন মহিলা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুর রহমান (মাদ্রাসার আট শিক্ষকের স্বাক্ষর জাল করে এবং পাঁচজন ভুয়া প্রভাষকের নামে ৩১ হাজার ৯৯৮ টাকা বিতরণ দেখিয়ে আত্মসাতের অভিযোগ), ইস্টার্ন প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি মো. সেলিম (চার কোটি ৪৯ লাখ ৯২ হাজার ৯৪০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ), দুদকের কনস্টেবল হারুন অর রশিদ (এক হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগ), সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্টেনো টাইপিস্ট দিলীপ কুমার দাস (১০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগ), সাবেক কাস্টমস পরিদর্শক শেখ রফিকুল ইসলাম, মেসার্স সাফাত এন্টারপ্রাইজের মালিক আমজাদ হোসেন (আমদানি শুল্ক সাত লাখ ৩৫ হাজার ৩২৮ টাকা আত্মসাতের অভিযোগ) প্রমুখ।