নভেম্বরেই নির্বাচনের তফসিল ঘোষণা

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নভেম্বরের তৃতীয় সপ্তাহের দিকে এই তফসিল ঘোষণা করা হতে পারে। সে ক্ষেত্রে ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিইসি সাংবাদিকদের বলেন, আগামীকাল (আজ বুধবার) কমিশনের বৈঠকে নির্বাচনী আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হবে। এর পরপরই নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা হবে। ৪০ থেকে ৪৫ দিন হাতে রেখে ২৪ জানুয়ারির মধ্যেই নির্বাচন হবে।
সূত্র জানায়, খসড়া আচরণবিধি চূড়ান্ত হওয়ার পর তা রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মতামত নেওয়ার জন্য অনলাইনে প্রকাশ করা হবে। তাদের মতামতের ভিত্তিতে কিছুটা সংযোজন-বিয়োজন করে আইন মন্ত্রণালয়ের ভেটিং (যাচাই-বাছাই) শেষে চূড়ান্ত আচরণবিধি অনুমোদন করা হবে।
জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের মতো প্রস্তুতি নির্বাচন কমিশনের আছে। যেটুকু কাজ বাকি আছে, তা সদ্য পাস হওয়া গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন বিলে রাষ্ট্রপতি সই করার পর সম্পন্ন করা সম্ভব হবে।
কমিশন সচিবালয় সূত্র জানায়, ইতিমধ্যে আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়োগের কাজও এগিয়ে চলছে। মনোনয়ন ফরমসহ বেশির ভাগ ফরম ছাপার আদেশ কয়েক সপ্তাহ আগেই দেওয়া হয়েছে। নতুন করে ৪০ হাজার স্বচ্ছ ব্যালট বাক্স আমদানির কাজও শেষ হয়েছে।
সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদ গতকাল আরও বলেন, নির্বাচনের সময় কমিশন সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে। ইতিমধ্যে সরকারি কর্মকর্তাদের পর্যবেক্ষণ করা শুরু হয়েছে। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিগত নয়টি উপনির্বাচনে যেসব সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাঁদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। আগামী নির্বাচনেও কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে প্রশাসনে রদবদল করা হবে। কমিশন তফসিল ঘোষণার পর এই ক্ষমতা প্রয়োগ করবে। এ সময়ে মন্ত্রণালয় থেকে প্রকল্প গ্রহণ এবং অর্থ ছাড়ের ব্যাপারেও সীমাবদ্ধতা থাকবে।
আচরণবিধিতে যে পরিবর্তন আসছে: কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের মতে, রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য কমিশনের যে আচরণবিধি থাকছে, তাতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নির্বাহী ক্ষমতা প্রয়োগের ব্যাপারে কোনো বিধিনিষেধ আরোপের ব্যবস্থা থাকছে না। কারণ, সংবিধান ও সরকারের রুলস অব বিজনেস মন্ত্রীদের নির্বাহী ক্ষমতা প্রয়োগের ক্ষমতা দিয়ে রেখেছে। নির্বাচনের সময়ে তাঁরা এই ক্ষমতার কতটা প্রয়োগ করতে পারবেন, সে সম্পর্কে আরপিওতে কিছু বলা নেই। তাই এ বিষয়ে আচরণবিধিতে কোনো নিয়ন্ত্রণ আরোপ করা যাচ্ছে না।
সূত্র জানায়, কমিশনের প্রস্তাবিত আচরণবিধিতে বলা হয়েছে, সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা নির্বাচনে প্রার্থী হলে নির্বাচনী কাজে তাঁরা সরকারি গাড়ি, জনবল ও প্রচারযন্ত্র ব্যবহার করতে পারবেন না। ‘সরকারি সুবিধাভোগী ব্যক্তি’-এর সংজ্ঞায় মন্ত্রী, প্রতিমন্ত্রী বা তাঁদের সমপদমর্যাদাসম্পন্ন ব্যক্তি, স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম উল্লেখ করা হয়েছে। তবে এতে প্রধানমন্ত্রীর নাম নেই।
কিন্তু নির্বাচনের সময়ে সরকারের পক্ষ থেকে নির্বাচনকে প্রভাবিত করার মতো কোনো প্রকল্প গ্রহণ বা প্রকল্পের জন্য টাকা ছাড় করা যাবে কি না, সে বিষয়ে আচরণ-বিধিতে এখনো কিছু বলা নেই। সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের প্রটোকল বা নিরাপত্তার সুবিধার বিষয়েও বিধিতে কিছু বলা হয়নি।
এ বিষয়ে গতকাল নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
জানতে চাইলে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেন, বিষয়টি আচরণবিধিতে উল্লেখ না থাকলে কোনো সমস্যা নেই। সরকার নির্বাচনকে প্রভাবিত করে যাতে কোনো প্রকল্প গ্রহণ না করতে পারে, সে বিষয়ে কমিশন আলাদা নির্বাহী আদেশের মাধ্যমে বিধিনিষেধ আরোপ করতে পারবে। সাংবিধানিকভাবে সে ক্ষমতা কমিশনের আছে। তবে বিষয়টি স্পষ্ট করার জন্য আরপিওতে উল্লেখ করা দরকার ছিল, যা কমিশন করেনি।
কমিশনের পরামর্শ নেয়নি: সিইসি গতকাল সাংবাদিকদের বলেছেন, প্রার্থী হতে হলে রাজনৈতিক দলে তিন বছরের সদস্যপদ থাকার বাধ্যবাধকতার বিধান আরপিও থেকে বাদ দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনের মতামত নেয়নি আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।
সিইসি বলেন, সংসদের কাজ সংসদ করেছে। জনগণ সাংসদদের ভোট দিয়ে আইন করার জন্য সংসদে পাঠিয়েছে। তাঁরা যা ভালো মনে করেন, তাই করেছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। আরপিওর এই ধারা বাতিলের ব্যাপারে সংসদীয় কমিটি থেকে কমিশনের মতামত চাওয়া হয়নি।
জানতে চাইলে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ফজলে রাব্বি মিয়া প্রথম আলোকে বলেন, এ বিষয়ে কমিশনের মতামত চাওয়া হয়নি। কারণ, সংসদীয় কমিটি সচরাচর এসব ক্ষেত্রে কারও মতামত চায় না। তবে এ সিদ্ধান্ত নেওয়ার সময় কমিটির বৈঠকে কমিশনের সচিবসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বরং কমিশন সচিবালয়ের কর্মকর্তারা সরকারি কর্মকর্তাদের অবসর শেষে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে যে বাধ্যবাধকতা রয়েছে, তা তুলে দেওয়ার প্রস্তাব করেছিলেন। কমিটি তা নাকচ করেছে।
আরপিওর বিধান অনুযায়ী সরকারি কর্মকর্তারা চাকরি থেকে অবসর গ্রহণের পর তিন বছর অতিবাহিত হলে তাঁরা নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য হবেন।