মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে স্থগিত হয়ে যাওয়া অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) ফিরে পেতে আবারও শুনানি হওয়ার কথা আগামী ডিসেম্বরে। এর জন্য মার্কিন প্রশাসন বাংলাদেশের জন্য একটি কর্মপরিকল্পনাও পেশ করেছে। তবে বাংলাদেশের সরকার বলছে, জিএসপি ফিরে পাওয়ার ক্ষেত্রে কতটা অগ্রগতি হলো, নভেম্বরের আগে সে সম্পর্কে পরিষ্কারভাবে কিছু বলা যাবে না।
আজ সকালে শ্রম মন্ত্রণালয়ে গার্মেন্টস শিল্প-সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির চতুর্থ বৈঠক শেষে শ্রমসচিব মিকাইল শিপার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
মিকাইল শিপার বলেন, গার্মেন্টস শিল্পসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাজে গতি বাড়াতে আজ বাণিজ্যসচিবের নেতৃত্বে আরও একটি কমিটি গঠিত হয়েছে। এই কমিটিতে শিল্প, শ্রম, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ছাড়াও তৈরি পোশাক খাতে শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিইএ ও শ্রমিক প্রতিনিধিরা থাকবেন।
তৈরি পোশাক শিল্পকারখানার ভবন ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার কাজ কতটুকু এগিয়েছে, জানতে চাইলে শ্রমসচিব বলেন, সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি বিশেষজ্ঞ দল কাজ শুরু করবে। তবে দলটি ঠিক কোন কোন কারখানা পরিদর্শন করবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।
শ্রমসচিব বলেন, ‘অ্যাকর্ড ও অ্যালায়েন্স ১৭৫০টি কারখানা পরিদর্শন করবে। এগুলো বাদ দিয়ে আমরা পরিদর্শনের কাজ করব। অ্যাকর্ড ও অ্যালায়েন্স এখনো কারখানার তালিকা আমাদের দেয়নি।’
রানা প্লাজা ধসের পর বাংলাদেশে শ্রমিক নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে নজরদারি ও সহযোগিতার আশ্বাস দেয় উত্তর আমেরিকার ১৭টি ব্র্যান্ড। ১০ জুলাই তারা গঠন করে দি অ্যালায়েন্স ফর ওয়ার্কার্স সেফটি ইন বাংলাদেশ। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর খ্যাতনামা ব্র্যান্ড, শ্রমিক স্বার্থরক্ষাকারী সংগঠন, বেসরকারি উন্নয়ন সংস্থা গঠন করে দি অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ।
এদিকে ওবামা প্রশাসনের প্রস্তাবিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি কতটা সে সম্পর্কে শ্রমসচিব বলেন, ‘প্রথম পদক্ষেপ এখনো পেরোনো সম্ভব হয়নি’।
মার্কিন প্রশাসন শিল্পকারখানায় প্রাথমিকভাবে ২০০ জন পরিদর্শক নিয়োগের প্রস্তাব দিয়েছে। শ্রমসচিব বলেন, ‘এটি সময়সাপেক্ষ ব্যাপার। ২০০ শ্রমিক নিয়োগের ক্ষমতা শ্রম পরিদপ্তরের নেই, তাই এটিকে অধিদপ্তর করার চেষ্টা চলছে। এরই মধ্যে কিছু কিছু নিয়োগের কাজ শুরু হয়েছে।’
এ ছাড়া ওবামা প্রশাসনের শর্ত অনুযায়ী শ্রমিকনেতা কল্পনা আক্তার ও বাবুল আক্তারের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করেছে সরকার। তাঁরা শ্রমিকনেতা আমিনুল ইসলামের সন্দেহভাজন হত্যাকারীকে ধরিয়ে দেওয়ার জন্য পত্রিকায় দুবার বিজ্ঞাপন দিয়েছেন। বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি (বিসিডব্লিউএস) ও সোশ্যাল অ্যাকটিভিটিস ফর এনভায়রনমেন্টকে (সেফ) নিবন্ধন দিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় উদ্যোগ নিচ্ছে।
মন্ত্রিসভা কমিটির বৈঠকটির সভাপতিত্ব করেন শ্রমমন্ত্রী রাজিউদ্দীন আহমেদ রাজু। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, ত্রাণ ও দুর্যোগব্যবস্থাপনামন্ত্রী মাহমুদ আলী, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।
গত ২৭ জুন মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি-সুবিধা স্থগিত করে। এরপর ১৯ জুলাই জিএসপি ফিরে পেতে একটি কর্মপরিকল্পনা প্রকাশ করে যুক্তরাষ্ট্র সরকার। এ বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যুর পর বাংলাদেশের পোশাকশিল্প খাত বিশ্ববাসীর কঠোর সমালোচনার মুখে পড়ে।