নভেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তাদের ডেটাবেইস
আগামী নভেম্বরের মধ্যেই সরকারি কর্মকর্তাদের যাবতীয় তথ্যসংবলিত ডেটাবেইস তৈরি করা হবে। অনলাইনে যে কেউ এসব কর্মকর্তার সম্পর্কে তথ্য জানতে পারবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ জন্য একটি আলাদা ওয়েবসাইট থাকবে।সংসদ ভবনে গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, চিফ হুইপ আব্দুস শহীদ, এ বি এম গোলাম মোস্তফা, আবু তালহা, এম এ মান্নান ও জাহানারা বেগম অংশ নেন। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।জানা গেছে, সভায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়, এর আগে ২১টি ক্যাডারের কর্মকর্তাদের চাকরি-সংক্রান্ত আংশিক তথ্য সংগ্রহ করা হয়েছিল। ২৯ আগস্টের মধ্যে সব ক্যাডারের কর্মকর্তাদের পূর্ণাঙ্গ তথ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা হয়েছে।