নভেম্বরের শেষ সপ্তাহে কুমিল্লা সিটি নির্বাচনের তফসিল: সাখাওয়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, নভেম্বরের শেষ সপ্তাহে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে। খবর বাসসের।সাখাওয়াত হোসেন বলেন, নারায়ণগঞ্জের মতো কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনও সিটি করপোরেশন গঠনের ১৮০ দিনের মধ্যেই করা হবে। নির্দিষ্ট সময়ে এই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানে যথাসম্ভব দ্রুত ওয়ার্ডের সংখ্যা ও সীমানা নির্ধারণ করা জরুরি। নির্বাচন কমিশনের নির্বাচন শাখা জানায়, কমিশন ইতিমধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনকাজ এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দুই দফা চিঠি লিখেছে। একই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট জেলা প্রশাসনকেও জানানো হয়েছে।কমিশন সচিবালয়ের উপসচিব আবদুল বাতেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নতুন সিটি করপোরেশন গঠনের ছয় মাসের মধ্যে নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। এ অবস্থায় আগামী ১১ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে সিটি করপোরেশনের ওয়ার্ডের সংখ্যা ও সীমানা নির্ধারণ করে দ্রুত গেজেট প্রকাশ করতে হবে।চিঠিতে বলা হয়, এক মাস আগে কুমিল্লা সিটি করপোরেশনের ওয়ার্ডের সংখ্যা ও সীমানা নির্ধারণের যাবতীয় কাজ শেষ করতে চিঠি দেওয়া হয়েছিল। তবে এখনো ওয়ার্ডের সংখ্যা ও ওয়ার্ডভিত্তিক সীমানা নির্ধারণের গেজেট প্রকাশ করা হয়নি। এ অবস্থায় জরুরি ভিত্তিতে ওয়ার্ডের সংখ্যা ও সীমানা নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, গত ১০ জুলাই কুমিল্লা পৌরসভা ও কুমিল্লার সদর দক্ষিণ পৌরসভা নিয়ে কুমিল্লা সিটি করপোরেশন গঠন করা হয়।