নভেরা আহমেদের মৃত্যুতে শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ নভেরা আহমেদের মৃত্যুতে শোক অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবারও শোক জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এক বিবৃতিতে বলেন, নভেরা আহমেদের হাত ধরেই মূলত বাংলাদেশের ভাস্কর্য আধুনিক ভাষা পেয়েছিল। তাঁর মৃত্যুতে ভাস্কর্যশিল্পে দেশের অপূরণীয় ক্ষতি হলো।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর এক বিবৃতিতে বলেন, এই মহান শিল্পীর প্রয়াণে জাতির এক অপূরণীয় ক্ষতি হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক শোকবার্তায় বলেন, তাঁর মৃত্যুতে শিল্পাঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।
নভেরা আহমেদের মৃত্যুতে আইন ও সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ মহিলা পরিষদ শোক প্রকাশ করেছে। এর আগে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোক প্রকাশ করেছিলেন।
৭৬ বছর বয়সে গত মঙ্গলবার ইন্তেকাল করেন প্যারিসপ্রবাসী নভেরা আহমেদ। ১১ মে প্যারিসের স্থানীয় কবরস্থানে পরিবারের সদস্যরা নভেরাকে অন্তিমশয্যায় শায়িত করবেন।