সদ্য প্রয়াত ভাস্কর নভেরা আহমেদকে কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম স্থপতি হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রামের শিল্পী ও শিল্প সমালোচকেরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটি করপোরেশনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় বক্তারা এ দাবি জানান।
‘স্মৃতিপটে ভাস্বর, ভাস্কর নভেরা’ শীর্ষক এই স্মরণসভার আয়োজন করে নভেরা আহমেদ স্মৃতি সংরক্ষণ পরিষদ, চট্টগ্রাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের পরিচালক নাসিমা মাহমুদ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মো. জসিম উদ্দিন বলেন, ‘আমরা নভেরা আহমেদের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। সরকারি কোনো না কোনো দপ্তরে শহীদ মিনারের নকশা আছে। অনুসন্ধান করলেই পাওয়া যাবে। সত্য যেন উন্মোচিত হয়।’
গবেষক রেজাউল করিম বলেন, শহীদ মিনারের স্থপতি হিসেবে শুধু হামিদুর রাহমানের নামই বিভিন্ন পাঠ্যবইয়ে ছাপা হয়েছে। কিন্তু শহীদ মিনারের কাজ হামিদুর রাহমান ও নভেরা আহমেদ একসঙ্গে করেছিলেন, তাতে কোনো সন্দেহ নেই।
সভায় বক্তব্য দেন গল্পকার বেলাল মাহমুদ, নভেরার স্বজন মো. শাহনেওয়াজ, সরকারি হাজী মুহাম্মদ মুহসীন কলেজের সহযোগী অধ্যাপক রূহী সামদান প্রমুখ। সভায় শিল্পী নভেরার আত্মীয় জাহিদ সরওয়ারের পাঠানো একটি চিঠিও পাঠ করা হয়। নভেরার জীবন ও শিল্পকর্ম নিয়ে স্লাইড শো উপস্থাপন করেন গবেষক রেজাউল করিম।
গত ৫ মে রাতে ফ্রান্সের নিজ বাড়িতে মারা যান ভাস্কর নভেরা আহমেদ।