নভেরার অভিমানী ভাস্কর্যগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরে ভাস্কর নভেরা আহমেদের শিল্পকর্মের প্রদর্শনী দেখছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর l ছবি: সাহাদাত পারভেজ
জাতীয় জাদুঘরে ভাস্কর নভেরা আহমেদের শিল্পকর্মের প্রদর্শনী দেখছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর l ছবি: সাহাদাত পারভেজ

একটি নারী ভাস্কর্য সিংহীর মতো শুয়ে আছে নলিনীকান্ত ভট্টশালী গ্যালারির প্রবেশমুখে। সেটি কে বানিয়েছেন, সে কথা আজ থাক। আজ বরং ওই গ্যালারির ভেতরের ভাস্কর্যগুলোর কথাই বলা যাক। গ্যালারির ভেতরের ভাস্কর্যগুলোর বেশির ভাগই নারীর। নারীর অবয়বে যে কত কথা লুকিয়ে থাকতে পারে, ওই ভাস্কর্যগুলো চোখে না দেখলে অনুভব করা যাবে না। গতকাল বুধবার সন্ধ্যায় গ্যালারিটি খুলে দেওয়ার খানিক পরের কথা। পুরোটা গ্যালারি ঘুরে একটি ভাস্কর্যের সামনে গিয়ে দাঁড়ান এক দর্শক। আনমনে মন্তব্য করেন, ‘শিল্পী বোধ হয় ভীষণ অভিমানী ছিলেন।’ প্রদর্শনী ঘুরে দেখার অনুভূতি লেখার জন্য একটি গাঢ় লাল রঙের বাঁধানো খাতা রাখা ছিল প্রবেশমুখের টেবিলে। কিন্তু সেই খাতায় মন্তব্যটি লেখেননি ওই দর্শক। শিল্পীর অভিমান দুই চোখে মেখে তিনি গ্যালারি থেকে হেঁটে চলে যান সন্ধ্যার শাহবাগের দিকে।
যে ভাস্কর্যগুলোর কথা বলা হলো, এগুলো নভেরা আহমেদের। বাংলাদেশে অভিমানী এই শিল্পীর এটি তৃতীয় প্রদর্শনী। সে-ও তাঁর মৃত্যুর পর। ঢাকা শহরে আধুনিক ভাস্কর্যের প্রথম প্রদর্শনীটি হয়েছিল ১৯৬০ সালে। সেই প্রদর্শনীতে স্থান পেয়েছিল কংক্রিটে করা নভেরা আহমেদের ৭৫টি শিল্পকর্ম। সেটি আয়োজন করেছিল জাতিসংঘ ও এশিয়া ফাউন্ডেশন। পরে তাঁর প্রদর্শনী হয়েছে পাকিস্তানে, প্যারিসে, ব্যাংককে। বলা যায়, বাংলাদেশে আধুনিক ভাস্কর্যশিল্পের শুরুটা করেছিলেন এই শিল্পী। তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে শহীদ মিনারের নকশার নেপথ্যে থেকে কাজ করা। অথচ রাষ্ট্রীয়ভাবে সেই স্বীকৃতি তিনি এখনো পাননি।
পঞ্চাশের দশকে তিনি যখন ঢাকায় ছিলেন, প্রথা ভাঙার চর্চাটা লোকে দেখেছিল তাঁর ভেতরে-বাইরে। পরনে কালো শাড়ি, সন্ন্যাসিনীর মতো মাথার ওপর উঁচু করে বাঁধা চুল আর গলায় রুদ্রাক্ষের মালায় সেই তরুণীকে অনেকেই আড্ডা দিতে দেখেছেন চারুকলার সামনে।
১৯৭০ সালের পর থেকে অভিমান করে স্বেচ্ছা নির্বাসন নেন তিনি। তাঁর ৪০টি ভাস্কর্য সংগ্রহ করেছে জাতীয় জাদুঘর। সেগুলোর ৩৪টি ভাস্কর্য নিয়ে শুরু হয়েছে গতকালের প্রদর্শনীটি। এর আয়োজক জাতীয় জাদুঘর। ১৯ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই ভাস্কর্যগুলো দেখা যাবে। শুক্রবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা। ফ্রান্সে বসবাসকালীন আঁকা কিছু শিল্পকর্মের অনুকৃতিও স্থান পেয়েছে এতে। সারা বিশ্বে তাঁর আরও কিছু ভাস্কর্য কারও কারও ব্যক্তিগত সংগ্রহে আছে। সেগুলোও সংগ্রহের চেষ্টা চলছে।
প্রদর্শনী শুরুর আগে কবি সুফিয়া কামাল মিলনায়তনে ছিল এর উদ্বোধনী আনুষ্ঠানিকতা। তাতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘নভেরা আহমেদের কাজ যতই দেখছি ততই ভালো লাগছে। তাঁর মতো এত উঁচু মাপের একজন শিল্পী যে আমাদের দেশে ছিলেন, সেটা আমাদের সৌভাগ্যের ব্যাপার।’ অনুষ্ঠানে নভেরাকে নিয়ে একটি দীর্ঘ প্রবন্ধ পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক লালারুখ সেলিম। চারুকলার ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান তিনি। জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
চলতি বছর নভেরা আহমেদকে দেশে ফিরিয়ে আনার আয়োজন প্রায় শেষ হয়ে এসেছিল। কথা ছিল, শহীদ মিনারে নিয়ে গিয়ে তাঁকে সম্মান জানানো হবে। এই জায়গাতেই তো অনেকগুলো দিন-রাত কাটিয়েছেন তিনি। সেসব নিষ্ফল করে দিয়ে এ বছরের ৬ মে ছবি হয়ে যান এই ভাস্কর।