নভোএয়ারের বহরে নতুন উড়োজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নভোএয়ারের বহরে যুক্ত হয়েছে ফ্রান্স ও ইতালির যৌথ প্রযুক্তিতে তৈরি এটিআর ৭২-৫০০ সিরিজের একটি নতুন উড়োজাহাজ। এটি দিয়ে ঢাকা থেকে সৈয়দপুর, রাজশাহী, বরিশাল এবং ভারতের গুয়াহাটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে নভোএয়ার কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিতা কেটে উড়োজাহাজটির উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম সানাউল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ২০১৬ সালে আরও দুটি নতুন এটিয়ার উড়োজাহাজ তাঁদের বহরে যুক্ত হবে। তিনি বলেন, নভোএয়ার সেবা দিয়ে ৯৭ দশমিক ৭ শতাংশ যাত্রীর সন্তুষ্টি অর্জন করেছে।
২০১৩ সালের জানুয়ারি বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার যাত্রা শুরু করে। তিনটি উড়োজাহাজ দিয়ে সংস্থাটি ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও যশোর এবং মিয়ানমারে ফ্লাইট যাত্রী পরিবহন করছে। গতকাল বহরে যুক্ত হয়েছে একটি এটিআর উড়োজাহাজ। এটি দিয়ে আগামী ১ এপ্রিল থেকে ঢাকা-গুয়াহাটি রুটে ফ্লাইট শুরু করা হবে।