নভোচারী হতে চায় যারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুমাইয়া আক্তারের বয়স ৯ বছর। মোহাম্মদপুরের কিশলয় বালিকা বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। চোখে-মুখে একরাশ খুশির ঝিলিক ও স্বপ্ন নিয়ে বলল, ‘আমি নভোচারী হব।’

পাশ থেকে আয়শা, হামিদা, রিয়াসহ একেকজন ব্যাংক ম্যানেজার, ডাক্তার, উকিল, পুলিশ হওয়ার কথা জানাতে লাগল। একজন একটু পিছিয়ে পড়েছিল, হন্তদন্ত হয়ে কাছে এসে বলল, ‘আমি কিন্তু গানের টিচার হব।’ তারা যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস (ডিসিআই) ইন্টারন্যাশনাল পরিচালিত ‘সান চাইল্ড হোম’-এর শিশু। কেউ কেউ এসেছে কয়েক বছর, মাস এমনকি জন্মের পর কয়েক দিনের মাথায়। এদের কারও মা নেই, কারও বাবা নেই, আবার কারও মা অথবা বাবা আরেকটি বিয়ে করে আলাদা সংসার পেতেছেন। বর্তমানে ৪৫ জন কন্যাশিশুর ঠাঁই হয়েছে মোহাম্মদপুরের এই হোমে।

গতকাল রোববার দুপুরে এই শিশুদের সঙ্গে কথা হয়। চার বছর বয়সী মৌ-এর জ্বর হয়েছে। সবাই ব্যস্ত তাকে নিয়ে। সংস্থার নিজস্ব স্কুল ভ্যানে করে স্কুল থেকে শিশুরা ফিরতে শুরু করেছে। যারা একটু বড় তাদের ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে। শুধু তো স্কুলের পড়া নয়, ধর্ম শিক্ষকের কাছে পড়তে হবে, গান, নাচ শিখতে হবে। স্কুলের পরের দিনের পড়া তৈরি করতে হবে। তাই শিশুদের খুব একটা ফুরসত মেলে না। একটি টেবিলের ওপর রাখা হয়েছে বিভিন্ন পুরস্কার। এগুলো তারা পেয়েছে চলতি বছর। এর আগে পাওয়া ক্রেস্টসহ অন্যান্য পুরস্কার একটি কাচের আলমারিতে রাখা। হোমের ভেতরে আছে ছোট একটি লাইব্রেরি, টেলিভিশন দেখার জায়গা।

ডিসিআইয়ের এই হোমসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এনজিও রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন। হোমটি যাত্রা শুরু করে ২০১০ সালে। ভবনের দুটি তলায় এই শিশুরা থাকে। রাত ও দিনে হোমের ভেতরে কাউন্সেলর বা রান্নাসহ বিভিন্ন কাজ যাঁরা করেন তাঁরা সবাই নারী। একজনের কাছে জানতে চাইলাম, ‘দুপুরে কী খাবে?’ গাল ভরে হাসি দিয়ে বললেন, ‘পোলাও, মাংস। মাসে বেশ কয়েকবার এই খাবার দেওয়া হয়।’

বিভিন্ন সংগঠন বা এলাকা থেকে পাওয়া এই ‘সান চাইল্ড’ বা সূর্য শিশুরা হোমে ২৫ বছর বয়স পর্যন্ত থাকতে পারবে।

ডিসিআইয়ের প্রোগ্রাম ম্যানেজার রাজেন কুমার সাহা, সান চাইল্ড হোমের ইনচার্জ মাজেদা আক্তার ঘুরেফিরেই বলছিলেন এই শিশুদের কৃতিত্বের কথা। জানালেন, স্কুলে পড়াশোনাসহ অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে এই শিশুরা বরাবরই এগিয়ে থাকে। পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় দুজন জিপিএ-৫ পেয়েছে। তিনজন ‘এ’ পেয়েছে। বর্তমানে অষ্টম শ্রেণিতে পড়ছে তিনজন। অন্যরা পড়ছে বিভিন্ন শ্রেণিতে।

ডিসিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক এহসান হক দেশে এসেছিলেন সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যে অর্থ সংগ্রহে ‘কনসার্ট ফর চিলড্রেন’-এর আয়োজনের জন্য। তিনি প্রথম আলোকে বলেন, দেশের এবং প্রবাসী বাঙালিসহ অন্যদের ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তায় চলছে ডিসিআই। কেউ কেউ কোনো একটি শিশুর পুরো দায়িত্বও নিয়ে নেন। বড় কোনো দাতা নেই, তাই মাস শেষে টাকার চিন্তা করতে হয়। কিন্তু তারপরও কেউ যদি সত্যিকার অর্থেই নভোচারী বা অন্য কিছু হতে চায়, তাদের জন্য সব দরজা খোলা। এই শিশুদের জন্য একটি স্থায়ী ঠিকানা তৈরি করবেন বলে যে স্বপ্ন দেখছেন, সে কথাও জানালেন তিনি।