নভো নরডিস্কের সঙ্গে ইনসুলিন উৎপাদন শুরু করল এসকেএফ
ডেনমার্কের বিশ্বখ্যাত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নভো নরডিস্ক বাংলাদেশে ইনসুলিন উৎপাদন শুরু করেছে। এসকেএফ বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ইনসুলিনগুলো উৎপাদন করবে ড্যানিশ প্রতিষ্ঠানটি।এ ধারাবাহিকতায় তিন ধরনের ইনসুলিন এ দেশের বাজারে নিয়ে এসেছে নভো নরডিস্ক। এগুলো হচ্ছে: মিক্সটার্ড ৩০, ইনসুলেটার্ড ও অ্যাকট্রাপিড। রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার সন্ধ্যায় অনাড়ম্বর এক অনুষ্ঠানে ইনসুলিনগুলোর মোড়ক উন্মোচন করা হয়। নভো নরডিস্কের কর্মকর্তারা বলেন, প্রতিষ্ঠানটি ৫০ বছর ধরে বাংলাদেশে ডায়াবেটিক রোগীদের সেবা দিতে কাজ করছে। বাংলাদেশে বর্তমানে ৮৪ লাখ ডায়াবেটিক রোগী আছেন। আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের হিসাবে ২০৩০ সালে এ সংখ্যা দ্বিগুণ হবে। বর্তমানে বাংলাদেশে ইনসুলিন ব্যবহারকারী ডায়াবেটিক রোগীর প্রতি ১০ জনের মধ্যে ছয় থেকে সাতজনই নভো নরডিস্কের ইনসুলিন ব্যবহার করে থাকেন।কর্মকর্তারা বলেন, নভো নরডিস্ক এসকেএফ বাংলাদেশের সঙ্গে অংশীদারির ভিত্তিতে উচ্চপ্রযুক্তির উৎপাদন, মাননিয়ন্ত্রণ এবং প্যাকেটজাতকরণের সুবিধাসম্পন্ন কারখানা স্থাপন করেছে। স্থানীয় উৎপাদনের মান কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের উন্নত মানের ইনসুলিন উৎপাদনকে মাইলস্টোন হিসেবে উল্লেখ করেন।অনুষ্ঠানে ডেনমার্কের বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী পিয়া ওলসেন ডায়ের বলেন, নভো নরডিস্ক বাংলাদেশের মানুষের জন্য বিনিয়োগ করেছে। এতে দেশটির মানুষ কম মূল্যে বিশ্বমানের ইনসুলিন ব্যবহার করতে পারবে। এসকেএফ ট্রান্সকম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান। ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান বলেন, ‘নভো নরডিস্কের মোট আটটি উৎপাদন কারখানার মধ্যে এশিয়ায় তিনটি। ভারত ও চীনের পর বাংলাদেশে এই কারখানা স্থাপনে এসকেএফকে নির্বাচিত করায় বাংলাদেশের ওষুধশিল্পের জন্য একটি বড় অর্জন।’ অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, ড্যানিশ রাষ্ট্রদূত ভেনড ওলিং, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান, নভো নরডিস্কের লোকাল মার্কেট সিএমও এবং পরিচালক কিম স্টিফেনসন, ইন্টারন্যাশনাল অপারেশনের ভাইস প্রেসিডেন্ট মাজিয়ার মাইক দুস্তদার ও প্রতিষ্ঠানটির বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এ রাজন কুমার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসকেএফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন হোসেন।