নমুনা পরীক্ষার পর ব্যবস্থা নেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল থেকে আমদানি করা গমের মান নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় সেই গমের বেশ কিছু নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
খাদ্যমন্ত্রী বলেন, ‘তিন দিনের মধ্যে প্রতিবেদন পাব। তখন জাতির কাছে সত্যিকার তথ্য তুলে ধরব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
গতকাল শনিবার জাতীয় সংসদে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এসব কথা বলেন। সম্প্রতি ব্রাজিল থেকে আমদানি করা গম পচা এবং খাওয়ার অনুপযোগী বলে অভিযোগ ওঠে। এ নিয়ে পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয় এবং সংসদে স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজি প্রশ্ন তোলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘২০১১ সালে পাঁচ লাখ টন গম আমদানির জন্য ইউক্রেনের সঙ্গে একটা সমঝোতা স্মারক হয়। আমার পূর্ববর্তী মন্ত্রী এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময়ই এটা হয়। আমি দায়িত্ব পাওয়ার পরও ইউক্রেন থেকে আড়াই লাখ টন গম আনার জন্য দুই দেশের সরকারি পর্যায়ে আলোচনা হয়। পরে আমরা ই-মেইলের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করলেও তারা জবাব দেয়নি। এতে সময়ক্ষেপণ হয়। গমের মজুতও তলানিতে চলে যায়। মাত্র ৬৮ হাজার টন মজুত ছিল।’
কামরুল ইসলাম বলেন, ‘আমরা আগে ব্রাজিল থেকে গম আনিনি। তবে এবার ব্রাজিল থেকে গম আনার দরপত্রে দর ছিল সবচেয়ে কম। ক্রয় কমিটিতে তা পাস হয়। গম আমদানির পর আমরা নমুনা দেখলাম। গম ছিল লাল ও ছোট দানার। তবে পরীক্ষার প্রতিবেদন অনুযায়ী তা খাওয়ার অনুপযোগী নয়।’ মন্ত্রী বলেন, ‘যেদিন আমাদের কাছে গমের নমুনা এল, সেদিন কাকতালীয়ভাবে আমাদের একটা বৈঠক ছিল। এতে অর্থমন্ত্রী ও কৃষিমন্ত্রী ছিলেন। তাঁদের নমুনা দেখালাম। তাঁরা বললেন, “নমুনা খারাপ। কিন্তু লাল গম এ রকম হতেও পারে।” পরে গম খালাসের অনুমতি দেওয়া হয়।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘কিছুদিন আগে প্রধানমন্ত্রীর দপ্তরে একটা খারাপ নমুনা দেখলাম। প্রধানমন্ত্রী উষ্মা প্রকাশ করেন। সে সময় আমি ও সচিব উপস্থিত ছিলাম। প্রধানমন্ত্রী বললেন, “এই গম আমরা কীভাবে আনলাম।” পরে আমরা জেলাগুলোয় চিঠি লিখলাম নমুনা সংগ্রহ করে পাঠানোর জন্য। ১৫-১৬টি জেলা থেকে নমুনা এসেছে। এসব নমুনার আবার পরীক্ষা হবে। ফলাফল পেলে মুখ খুলব।’