আমদানি করা ১৯৩ কোটি টাকার সার গ্রহণ করা হবে কি না, তা নমুনা পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল রোববার শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির তদন্ত দল চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) গুদামে রক্ষিত ওই সার দেখতে এসে এ মন্তব্য করেন। সাংসদ কামাল আহমেদ মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গতকাল ওই বিতর্কিত সার পরিদর্শনে আসে। তদন্ত কমিটিকে কারিগরি সহায়তা দিচ্ছেন বুয়েট, বিএসটিআই ও বিসিএসআইআরের প্রতিনিধিরা। তাঁরাও গতকাল তদন্ত দলের সঙ্গে আসেন।শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) আমদানি করা ১৯৩ কোটি টাকার ৪১ হাজার মেট্রিক টন সারের মান নিয়ে প্রশ্ন ওঠে। এর মধ্যে চট্টগ্রামের সিইউএফএলের গুদামে সাড়ে ২৪ হাজার টন ইউরিয়া সার রয়েছে। চট্টগ্রামে থাকা সারের মান নিয়ে প্রথম প্রশ্ন তোলে সার পরিবহনকারী বিসিআইসির নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান নবাব অ্যান্ড কোম্পানি ও পোর্টন ট্রেডার্স। ওই অভিযোগের ভিত্তিতে প্রথমে বিসিআইসি ও পরে শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পৃথক তদন্ত কমিটি গঠন করে। সাংসদ কামালউদ্দিন মজুমদার সাংবাদিকদের বলেন, ‘আমরা নমুনা সংগ্রহ করে যমুনা সার কারখানা ও বুয়েটের পরীক্ষাগারে পাঠাব। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া সাপেক্ষে আগামী এক মাসের মধ্যে এই সার সরকার গ্রহণ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে।’ তিনি জানান, আমদানি করা সারের ৩০-৪০ শতাংশ জমাট বেঁধে গেছে। কিন্তু এগুলো নষ্ট বলা যাবে না। গুণগত মান ঠিক রয়েছে কি না, তা পরীক্ষার পরই বলা সম্ভব।