নমুনা সংগ্রহে বিশেষজ্ঞ দল চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বহদ্দারহাট জংশনে উড়ালসড়কের নির্মাণকাজের গুণগত মান পরীক্ষার জন্য বুয়েটের শিক্ষকের নেতৃত্বে বিশেষজ্ঞ দল গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে এসেছে। তারা আজ শুক্রবার সকাল থেকে উড়ালসড়কের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করবে। সাত সদস্যের বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দিচ্ছেন বুয়েটের সিভিল বিভাগের শিক্ষক সাইফুল আমীন। গতকাল সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থল ঘুরে দেখেছি। নির্মাণসামগ্রীসহ কিছুর নমুনা সংগ্রহ করে আমরা পরীক্ষা করে দেখব। এরপর এ বিষয়ে মতামত দেওয়া সম্ভব হবে।’গত ২৪ নভেম্বর সন্ধ্যায় বহদ্দারহাট জংশনের ১২ ও ১৩ নম্বর পিলারের (স্প্যান) তিনটি গার্ডার ধসে পড়ে। এতে ১২ জন পথচারী ও ভাসমান তরকারি বিক্রেতা নিহত ও আরও ২০ জন আহত হয়। বিতর্কিত ঠিকাদার, পরামর্শক প্রতিষ্ঠান ও প্রকল্প পরিচালক দিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করে আসছিল। প্রকল্পে খরচ হচ্ছে ১১৫ কোটি টাকা।সিডিএর প্রধান প্রকৌশলী মো. নাসিরউদ্দিন মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, বিশেষজ্ঞ দলের মতামতের ভিত্তিতে সবকিছু করা হবে।