নমুনা সংগ্রহে হিমশিম নারায়ণগঞ্জের স্বাস্থ্য বিভাগ

করোনাভাইরাসে ঝুঁকিপূর্ণ জেলা নারায়ণগঞ্জে সন্দেহভাজন আক্রান্ত লোকজনের নমুনা সংগ্রহে হিমশিম খাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ। সরকারি দুটি হাসপাতালের মাত্র দুজন ল্যাব টেকনোলজিস্ট দিয়ে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করতে হচ্ছে।
এ বিষয়ে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যসচিব জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ প্রথম আলোকে বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগী বহন ও নমুনা সংগ্রহের জন্য দুজন ল্যাব টেকনোলজিস্ট ও দুটি অ্যাম্বুলেন্স রয়েছে। এ অবস্থায় নমুনা সংগ্রহ করতে হিমশিম খেতে হচ্ছে। কমপক্ষে আরও দুজন ল্যাব টেকনোলজিস্ট ও দুটি অ্যাম্বুলেন্স প্রয়োজন।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলায় করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় শহর ও সিটি এলাকায় নমুনা সংগ্রহের জন্য শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স ও একজন ল্যাব টেকনোলজিস্ট এবং শহরের মণ্ডলপাড়ায় অবস্থিত ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের একজন ল্যাব টেকনোলজিস্ট ও একটি অ্যাম্বুলেন্স দিয়ে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ শুরু করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে ৮০ জনের বেশি নমুনা সংগ্রহ করে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। এ ছাড়া আইইডিসিআর নিজ উদ্যোগেও অনেকের নমুনা সংগ্রহ করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমেও নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে আইইডিসিআরে। তবে জেলা নাগরিক সমাজের পক্ষ থেকে করোনাভাইরাস পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে নারায়ণগঞ্জে জরুরি ভিত্তিতে পরীক্ষাগার স্থাপনের দাবি জানানো হচ্ছে। গত বুধবার ৪৬টি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পরীক্ষাগার স্থাপনের দাবি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, দেশে করোনাভাইরাসের ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে নারায়ণগঞ্জের নাম ঘোষণা করেছে আইইডিসিআর। বেশি ঝুঁকিপূর্ণ সিটি এলাকা। তাই এই মুহূর্তে সন্দেহভাজন রোগীদের আরও বেশি পরীক্ষা করা প্রয়োজন। পরীক্ষার জন্য বেশি বেশি নমুনা সংগ্রহ করা প্রয়োজন। কিন্তু মাত্র দুজন ল্যাব টেকনোলজিস্ট ও দুটি অ্যাম্বুলেন্স দিয়ে নমুনা সংগ্রহ করতে গিয়ে কুলিয়ে উঠতে পারছেন না তাঁরা।
ওই কর্মকর্তা বলেন, করোনাভাইরাস পরিস্থিতি এখন জাতীয় দুর্যোগ। এই পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোকে এগিয়ে আসা প্রয়োজন। বিশেষ করে বেসরকারি ক্লিনিক-হাসপাতালগুলো থেকে তাদের ল্যাব টেকনোলজিস্ট দিয়ে নমুনা সংগ্রহ করে সহায়তা করলে আরও অনেক বেশি পরীক্ষা করা সম্ভব হতো। কারণ রোগীদের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করা প্রয়োজন। না হলে আক্রান্ত রোগী থেকে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি রফিউর রাব্বি প্রথম আলোকে বলেন, করোনাভাইরাস পরীক্ষার জন্য জেলায় জরুরি ভিত্তিতে পরীক্ষাগার স্থাপন করা দরকার। আইসিইউ, ভেন্টিলেটর, চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জাম, ল্যাব টেকনোলজিস্টসহ করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য আলাদা হাসপাতাল জরুরি ভিত্তিতে দরকার। অন্যথায় নারায়ণগঞ্জে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ প্রথম আলোকে বলেন, ‘জেলা খুবই ঝুঁকিপূর্ণ। করোনাভাইরাসে আক্রান্ত রোগী বেশি পাওয়া যাচ্ছে সিটি এলাকায়। আমাদের আরও বেশি বেশি পরীক্ষা করা প্রয়োজন। নমুনা সংগ্রহ ও রোগী বহনের জন্য বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোকে এগিয়ে আসা প্রয়োজন।’
নারায়ণগঞ্জ জেলায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে এক নারীসহ এ পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন এক চিকিৎসকসহ ৫৯ জন।