নমুনার বিপরীতে শনাক্তের হার সোয়া ২৫ ভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
ফাইল ছবি

নওগাঁয় বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৭২টি নমুনা পরীক্ষায় নতুন করে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ২৬ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৮১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়ে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া আদিয়ান নামের ওই শিশু নওগাঁর সাপাহার থানায় কর্মরত পুলিশ সদস্য রায়হান উদ্দিনের সন্তান। বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতেই শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে নওগাঁয় করোনায় ৪৯ জনের মৃত্যু হলো।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ও র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৩৭২টি নমুনা পরীক্ষায় ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১৭৯টি নমুনার আরটি-পিসিআর টেস্টে ৫১ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ২৮ দশমিক ৪৯ শতাংশ। এ ছাড়া ১৯৩টি নমুনার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৪৩ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ২২ দশমিক ২৭ শতাংশ। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নিয়ামতপুর উপজেলায় সর্বোচ্চ ৩৪ জন শনাক্ত হয়েছেন। এ ছাড়া সদর উপজেলার ১২ জন, সাপাহারে ১১ জন, পোরশায় ৬ জন, ধামইরহাটে ৮ জন, বদলগাছিতে ২ জন, মান্দায় ৫ জন, মহাদেবপুরে ৪ জন, রাণীনগরে ৩ জন এবং আত্রাইয়ে ৮ জনের নতুন করে করোনা শনাক্ত হয়।

সিভিল সার্জন কার্যালয়ের করোনাসংক্রান্ত দৈনিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বুধবার ২৯২টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৭ দশমিক ৮১ শতাংশ। গত মঙ্গলবার ৪৭২টি নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৭ দশমিক ৫৯ শতাংশ। ১ থেকে ৫ জুন পর্যন্ত ১ হাজার ৮৮৪টি নমুনা পরীক্ষায় ২৯৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৫ দশমিক ৭১ শতাংশ।

জেলা করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ বলেন, মানুষকে নমুনা দিতে আগ্রহী করতে বিনা মূল্যে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। গত রোববার ও সোমবার উন্মুক্ত স্থানে ক্যাম্প করে পথচলতি মানুষের নমুনা সংগ্রহ করা হয়। তাতে ১ হজার ৫৮০ জনের নমুনা পরীক্ষায় ১৩১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৮ দশমিক ২৯ শতাংশ। এই চিত্র কিছুটা উদ্বেগজনক। বর্তমানে নওগাঁ সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিনা মূল্যে অ্যান্টিজেন টেস্ট করানো হচ্ছে।

করোনা মোকাবিলায় নওগাঁ স্বাস্থ্য বিভাগ
করোনা চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ আধুনিক হাসপাতালসহ ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১টি শয্যা প্রস্তুত রয়েছে। এর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ আধুনিক হাসপাতালে ৪৫টি, সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১টি এবং জেলার অপর ৯টি স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫টি করে মোট ১৩৫টি শয্যা রয়েছে।

ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ বলেন, ভবিষ্যতে করোনা রোগী বেড়ে গেলে চিকিৎসাসেবা নিশ্চিত করতে শয্যাসংখ্যা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। নওগাঁ সদর হাসপাতালে আরও ৪৫টি শয্যা বাড়ানোর প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে।

জেলার ১১টি সরকারি হাসপাতালের কোনোটিতেই আইসিইউ শয্যা নেই। কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহব্যবস্থা রয়েছে চারটি হাসপাতালে। ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ আধুনিক হাসপাতাল, নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহব্যবস্থা রয়েছে।

জেলায় বর্তমানে ৫৮৩ জন করোনা রোগীর মধ্যে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৫৬ জন রোগী জেলার সরকারি হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। বাকিদের অধিকাংশই বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া অনেকে রাজশাহী বা বগুড়ায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।