নম্বর ও প্রশংসাপত্রের জন্য অর্থ আদায়ের অভিযোগ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নম্বর ও প্রশংসাপত্র দেওয়ার সময় টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী অভিভাবকেরা এ ঘটনায় গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৩টি দাখিল মাদ্রাসা থেকে ২০১৩ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় তিন হাজার তিনজন শিক্ষার্থী অংশ নিয়ে দুই হাজার ৪৯৮ জন উত্তীর্ণ হয়। এসব শিক্ষার্থী তাদের নম্বর ও প্রশংসাপত্রের জন্য বিদ্যালয়ে গেলে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানই তাদের কাছে ৩০০ থেকে ৫০০ টাকা ফি দাবি করে। ইউএনওর কাছে মঙ্গলবার লিখিত অভিযোগকারী বড়হিত উচ্চবিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর অভিভাবক মো. সুরুজ মিয়া ও মো. আয়ুব আলী জানান, শিক্ষকেরা ছেলেদের কাছে নম্বর ও প্রশংসাপত্রের জন্য অতিরিক্ত টাকা দাবি করছেন। ৩০০ টাকা না দিলে নম্বর ও প্রশংসাপত্র দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। তাঁরা আরও বলেন, অহেতুক এ টাকা দেওয়াটা তাদের জন্য চাপ। বড়হিত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন বলেন, নম্বরপত্রের জন্য না, প্রশংসাপত্রের জন্য কমিটির সিদ্ধান্তেই ৩০০ টাকা নেওয়া হচ্ছে। সাখুয়া মজিদিয়া দাখিল মাদ্রাসার সভাপতি নুরুল ইসলাম বলেন, নম্বর ও প্রশংসাপত্র বাবদ প্রথমে ৫০০ টাকা নিলেও এখন তাঁরা কমিয়ে ৩০০ টাকা করে নিচ্ছেন। ইউএনও তাহমিনা আক্তার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে এভাবে টাকা আদায় বেআইনি। শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।