জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু কাওসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে নম্বর ঘষামাজার (টেম্পারিং) সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা পাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। এ প্রক্রিয়ায় আর কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।জানা যায়, আগামী ১০ দিনের মধ্যে আবু কাওসারকে কারণ দর্শাতে বলা হয়েছে। নম্বর ঘষামাজার ঘটনা এর আগেও ঘটেছে কি না, তা তদন্তের দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক-কর্মচারী। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক প্রথম আলোকে বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ জন কর্মকর্তা-কর্মচারীর শিক্ষাগত যোগ্যতার সনদে গরমিল পাওয়া গেছে। উল্লেখ্য, রাজধানীর তেজগাঁও কলেজের একজন ছাত্র সম্মান চূড়ান্ত (অনার্স ফাইনাল) পরীক্ষার খাতা নিরীক্ষার আবেদন করেননি। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি চক্র তাঁর নম্বর বাড়িয়ে ২০ থেকে ৩০ করেছে।যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য তোফায়েল আহমদ চৌধুরী একজন উপপরীক্ষা নিয়ন্ত্রককে সাময়িক বরখাস্ত করার কথা স্বীকার করেন।