নম্বর নিয়ে বিভ্রান্তি, ভোট দিতে পারেননি অনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ভোটার তালিকার কিছু নম্বরে গরমিল দেখা গেছে। প্রার্থীদের সরবরাহ করা ভোটারের ক্রমিক নম্বরের সঙ্গে কেন্দ্রে পোলিং কর্মকর্তার কাছে থাকা তালিকার কিছু নম্বরের মিল ছিল না। ফলে সকালে অনেকে ভোট দিতে এসে বিভ্রান্তিতে পড়েন। আবার ভোটকেন্দ্রে থাকা ভোটার তালিকায় নাম কাটা থাকায় জাতীয় পরিচয়পত্র সঙ্গে এনেও অনেকে ভোট দিতে পারেননি। সরাইপাড়া সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটার তালিকায় নিজের নাম না দেখে প্রিসাইডিং কর্মকর্তার কাছে আপত্তি জানান আবদুল কাদের। তিনি পরিচয়পত্র ও মুঠোফোনের সাহায্যে পাওয়া তাঁর কেন্দ্র ও ক্রমিক নম্বরের তথ্য দেখিয়ে প্রথম আলোকে জানান, তাঁর ভোটার ক্রমিক নম্বর ৫৭ হলেও এখানে তালিকায় নেই। প্রিসাইডিং কর্মকর্তা এ এইচ এম তোফাজ্জল হোসেন জানান, কয়েকজনের ক্ষেত্রে এ সমস্যা হচ্ছে।পাহাড়তলী এলাকার উত্তর কাট্টলীর নূরুল হক চৌধুরী কেন্দ্রে পরিচয়পত্র নিয়েও ভোট দিতে না পারার অভিযোগ করেন মো. সেলিম। পাহাড়তলী থানার নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানা বলেন, যেসব ভোটার স্থানান্তর হয়েছেন, তালিকা থেকে তাঁদের নাম কাটা হয়েছে। তাই তাঁরা ভোট দিতে পারবেন না।এদিকে বাকলিয়া আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে শতাধিক ভোটার ভোট দিতে পারেননি। তাঁদের অভিযোগ, চারটা বাজার আধা ঘণ্টা আগে তাঁরা কেন্দ্রে আসেন। কিন্তু লাইনে না দাঁড়ানোর অজুহাতে তাঁদের ভোট নেওয়া হয়নি। মৌসুমী আবাসিক এলাকার ভোটার রহিমা খাতুন ও গৌরি আচার্য বলেন, ‘সাড়ে তিনটায় কেন্দ্রে এসেছি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর শুনলাম ভোট বন্ধ হয়ে গেছে।’ দেওয়ানবাজার এলাকার জাহেরা খাতুন বলেন, দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিয়ে ভোট দিতে এসেছি। কারণ আমি জানতাম, ভোটার তালিকায় ছবি থাকায় আমার ভোট কেউ দিতে পারবে না। কিন্তু এখন ভোট দিতে পারলাম না।’প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ লোকমান বলেন, ‘চারটার পর ভোট নেওয়ার নিয়ম নেই, তাই নেওয়া হয়নি।’ ভোটারদের লাইনে দাঁড় করানো হয়নি কেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই রকম চাপ তো ছিল না।’