চট্টগ্রাম বোর্ডে বিভিন্ন শিক্ষাবর্ষের নম্বরপত্রের সংকট দেখা দিয়েছে। এর মধ্যে ১৯৯৬-২০০০ শিক্ষাবর্ষের পুরোনো ফরমেটের নম্বরপত্রের নমুনা কপি নেই বলে অভিযোগ পাওয়া গেছে।এ ছাড়া, বোর্ডের প্রিন্টারের কালির সংকটের কারণে এ বছরের এসএসসি পরীক্ষার্থীদের নম্বরপত্র দিতেও সমস্যা হচ্ছিল দীর্ঘদিন। গতকাল বৃহস্পতিবার কালি পাওয়ার পর শিক্ষার্থীদের নম্বরপত্র দেওয়া শুরু হয়েছে বলে জানা গেছে।বোর্ড সূত্রে জানা যায়, ১৫ দিনেরও বেশি সময় ধরে ১৯৯৬-২০০০ শিক্ষাবর্ষের পুরোনো ফরমেটের নম্বরপত্রের সংকট চলছে। এসব নম্বরপত্রের সব নমুনা কপি শেষ হয়ে যাওয়ার পর বোর্ডের কম্পিউটার বিভাগ বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনে। এতে তাৎক্ষণিকভাবে পুরোনো ফরমেটের নম্বরপত্র জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে বোর্ড কর্তৃপক্ষকে। পুরোনো কপি ছেপে পাঠানোর জন্য সিকিউরিটি প্রিন্টিং প্রেসকে নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু গত বুধবার পর্যন্ত কোনো কপি বোর্ডে এসে পৌঁছায়নি বলে জানা গেছে।চট্টগ্রাম বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে আমরা এসব পুরোনো নম্বরপত্রের ছাপানো কপি হাতে পেয়ে যাব আশা করছি। কিছু কপি হাতে থাকা অবস্থায় বিষয়টি জানা গেলে এ ধরনের সমস্যায় পড়তে হতো না। কারণ মুদ্রণের প্রক্রিয়ায়ও কিছু সময়ের প্রয়োজন হয়।’নম্বরপত্রের জন্য আবেদনকারী পুরোনো শিক্ষার্থী ও তাঁদের স্বজনেরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় থেকে ক্ষোভ জানিয়েছেন। আশরাফ উদ্দিন বোর্ড কার্যালয়ে আসেন তাঁর ভাইয়ের নম্বরপত্রের জন্য। তিনি জানান, কয়েক দিন ধরে তাঁকে আশ্বস্ত করা হচ্ছে। কিন্তু প্রতিদিনই এসে ফেরত যাচ্ছেন। তাঁর ভাই দেশের বাইরে থেকে তাঁকে তাগিদ দিচ্ছেন।এদিকে, চলতি বছরের এসএসসি পাস করা শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য বোর্ডে এসে ছোটাছুটি করছে। নগরের একটি প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান আমদানি-সংকটের কারণে কালি সরবরাহ করতে না পারায় নম্বরপত্র ছাপতে সমস্যা হচ্ছিল বলে জানা যায়।বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত এ ব্যাপারে বলেন, ‘আমরা শনি ও রোববারের মধ্যে সব শিক্ষার্থীর হাতে নম্বরপত্র তুলে দিতে পারব বলে আশা করছি।’