নম্বরপত্র সরিয়ে ফেলা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার আগেই প্রস্তুত করা এইচএসসির নম্বরপত্র রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। যে কেন্দ্রের পরীক্ষার্থীদের নম্বরপত্র ওয়েবসাইটে দেখানো হচ্ছিল সেই কেন্দ্রের নির্ধারিত পাসওয়ার্ডও নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনার ব্যাপারে ওই পরীক্ষাকেন্দ্রের সচিবকে আজ রোববার রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে।
এই শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্র ছিল রাজশাহী সরকারি সিটি কলেজ। এ কেন্দ্রে রাজশাহী কলেজ ও রাজশাহী মহিলা কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন। গতকাল শনিবার তাঁদের সব ব্যবহারিক পরীক্ষা শেষ হয়। অথচ গত বৃহস্পতিবার রাতেই বোর্ডের ওয়েবসাইটে এই পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার নম্বর উঠে যায়। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নির্ধারিত পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটটি খুলে নম্বর ইনপুট দিতে গিয়ে দেখেন আগেই সব নম্বর দেওয়া হয়ে গেছে। পরে এই নম্বরের অনুলিপি প্রিন্ট করে রাখেন তিনি। এ ব্যাপারে কেন্দ্রসচিব গত শুক্রবার থানায় জিডি করেন। বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক ও জেলা প্রশাসককে বিষয়টি লিখিতভাবে অবহিতও করেন তিনি।
এ ব্যাপারে গতকাল প্রথম আলোয় ‘রাজশাহী শিক্ষা বোর্ড: পরীক্ষার আগেই নম্বর প্রস্তুত’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। গতকাল কেন্দ্রসচিব ও সিটি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, নম্বর পাঠানোর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তাঁকে জানিয়েছেন যে শুক্রবার বিকেলে বিষয়টি জানাজানি হওয়ার পর নাম, রোলসহ প্রাপ্ত নম্বরের ঘরে লেখা সংখ্যা মুছে ফেলা হয়েছে।
কেন্দ্রসচিব বলেন, গতকাল দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বোর্ড থেকে সরবরাহ করা আগের পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে ঢুকতে পেরেছেন। কিন্তু কেন্দ্র থেকে আর নম্বর পোস্টিং দেওয়া যাচ্ছে না। পাসওয়ার্ড অচল করে দেওয়া হয়েছে। কাল (আজ রোববার) বোর্ডে গেলে নতুন পাসওয়ার্ড দেওয়া হতে পারে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ আবারও বলেছেন, কেন্দ্র থেকে পাঠানো হার্ড কপির সঙ্গে মিলিয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। শিক্ষার্থীরা নিজেদের প্রাপ্য নম্বরই পাবে।