নম্বরের প্রলোভন দেখিয়ে টাকা দাবি, শিক্ষকের দণ্ড
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির আবশ্যিক ইংরেজি বিষয়ের পরীক্ষায় টাকার বিনিময়ে নম্বর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ফেঁসে গেছেন যশোরের এক শিক্ষক৷ যশোর সদর উপজেলার উপশহর এলাকা থেকে গত শুক্রবার সন্ধ্যায় তাঁকে আটক করে দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত৷
গ্রেপ্তার হওয়া ওই শিক্ষকের নাম আকবর আহমেদ৷ তিনি যশোর ক্যান্টনমেন্ট কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক৷ তাঁর সহযোগী ও কলেজের অিফস সহকারী রউজুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে৷ জেলা প্রশাসনের দপ্তরে শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই শিক্ষককে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অফিস সহকারীকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সোহেল হাসান বলেন, পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০-এর ১২ ও ১৩ ধারা অনুযায়ী তাঁদের শাস্তি দেওয়া হয়েছে৷ আদালত বসানোর আগে বিষয়টি শিক্ষামন্ত্রী ও মন্ত্রণালয়ের সচিবকে অবহিত করা হলে তাঁরা এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানকে নির্দেশ দেন৷ রাত নয়টার দিকে তিনি ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে ওই শিক্ষকের বাড়ি থেকে ইংরেজি বিষয়ের ২৪৫টি খাতা জব্দ করেন৷
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ১১ শিক্ষার্থী সম্প্রতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে ইংরেজিতে মানোন্নয়ন পরীক্ষা দেন৷ ওই পরীক্ষার একটি প্রশ্নে তাঁদের জীবনবৃত্তান্তের (সিভি) নমুনা লিখতে বলা হয়৷ তাঁরা তাতে নিজেদের সক্রিয় মুঠোফোন নম্বর দেন৷ মূল্যায়নের জন্য ওই খাতা যশোর ক্যান্টনমেন্ট কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক আকবর আহমেদের কাছে আসে৷ তিনি ওই মুঠোফোন নম্বর দেখে ছাত্রদের ৬০-৬৫ নম্বর দেওয়ার প্রলোভন দেখিয়ে ফোন করে পাঁচ-ছয় হাজার করে টাকা দাবি করেন৷ টাকা না দিলে তাঁদের ফেল করানো হবে বলেও হুমকি দেন৷
কয়েকজন শিক্ষার্থী মুঠোফোনের কথোপকথন রেকর্ড করে কলেজের অধ্যক্ষ এস এম এবাদুল হককে জানান৷ তিনি বিষয়টি জেলা প্রশাসক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রককে অবহিত করেন৷ জেলা প্রশাসকের পরামর্শ অনুযায়ী শিক্ষার্থীরা গত বুধবার যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন৷ পরে একজন নির্বাহী হাকিম ও পরীক্ষা নিয়ন্ত্রক ছাত্র পরিচয়ে ওই শিক্ষকের সঙ্গে মুঠোফোনে কথা বলেন৷ তাঁদের কাছেও শিক্ষক টাকা দাবি করেন৷
নির্বাহী হাকিম আবদুস সালাম বলেন, ওই শিক্ষক বেশি নম্বর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ছাত্রদের কাছ থেকে টাকা দাবি করেছেন৷ মুঠোফোনে বিষয়টি ধরা পড়ে৷ শিক্ষককে আটকের পর এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষার দুটি খাতাসহ তাঁর সহযোগী হিসেবে কলেজের একজন অফিস সহকারীকেও আটক করা হয়েছে৷
জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযুক্ত শিক্ষক আকবর আহমেদ বলেন, ‘আমার মাথায় শয়তান চেপেছিল৷’