নয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় নয় ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ রোববার বিকেল পাঁচটার দিকে লাইনচ্যুত ইঞ্জিন ও বগিগুলো সরিয়ে নিলে ঈশ্বরদী-ঢাকা রেলসড়কে ট্রেন চলাচল শুরু হয়।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক আবদুল আওয়াল প্রথম আলোকে বলেন, উদ্ধারকারী ট্রেন প্রায় নয় ঘণ্টা চেষ্টা করে লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন ও বগি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে আজ সকাল আটটার দিকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ইকোপার্কের কাছে বেসরকারিভাবে পরিচালিত রাজশাহী এক্সপ্রেস নামের একটি ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধারকাজ শুরু হয়। বিকেল পোনে পাঁচটার দিকে উদ্ধারকাজ শেষে পাঁচটার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
আবদুল আওয়াল জানান, দুর্ঘটনার কারণ জানতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
দুর্ঘটনাকবলিত ট্রেনের সহকারী চালক ইমরান হোসেন সকালে জানান, ঈশ্বরদী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে রাজশাহী এক্সপ্রেস। বঙ্গবন্ধু সেতুতে ওঠার আগে পশ্চিম পাড়ে সিরাজগঞ্জে ইকোপার্কের কাছে লাইন পরিবর্তনের সংযোগস্থলে ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়।
ইমরান হোসেনের দাবি, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলস্টেশনের স্টেশনমাস্টার ‘লাইন ক্লিয়ার’ আছে বলে পাস (পেপার ক্লিয়ারিং) দেন। কিন্তু লাইনটি ব্রডগেজে পরিবর্তন করা হয়নি। তাই এ দুর্ঘটনা ঘটেছে।
বঙ্গবন্ধু পশ্চিম রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. আলী আহম্মদের দাবি, তিনি পাস লিখে টেবিলের ওপর রেখেছিলেন। কিন্তু তাঁর অনুমতি ছাড়াই কেউ একজন সেটি ওই ট্রেনের চালককে দিয়েছেন। ট্রেনের চালককে যাওয়ার অনুমতি দেননি তিনি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সবুজ বলেন, দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি।