নয় জঙ্গি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলগাঁও ও সূত্রাপুর থানার চারটি মামলায় গ্রেপ্তার হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি) ও আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন নয় সদস্যকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।
গতকাল রাজধানীর খিলগাঁও থানার তিনটি মামলায় ১০ দিন করে ৩০ দিন এবং সূত্রাপুর থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মহানগর হাকিম ইউসুফ হোসেন খিলগাঁও থানার তিনটি মামলায় ছয়জনকে সাত দিন ও তিনজনকে দুই মামলায় চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
খিলগাঁও থানার তিন মামলায় কাজী ইফতেখার খালেদ, ফাহাদ বিন নুরুন্নাহ কাসেমী, মো. রাহাদ, দ্বীন ইসলাম, আরিফুল করিম চৌধুরী ও মো. নুরুল ইসলামকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। খিলগাঁও ও সূত্রাপুর থানার দুই মামলায় মাওলানা নুরুল্লাহ কাশেমী, দেলোয়ার হোসেন ও ইয়াসিন আরাফাতকে চার দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। গত রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করে ঢাকার ডিবি পুলিশ।
আদালতে দেওয়া রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা ইরাক-সিরিয়ার সুন্নিপন্থী সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আদলে ‘বাংলাদেশ জিহাদী গ্রুপ’ নামের নতুন একটি সংগঠন করেছেন। ওই সংগঠনের তহবিল সংগ্রহের জন্য তাঁরা ব্যাংক ডাকাতির পরিকল্পনা করেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।