নয় দফা দাবিতে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি স্থায়ীকরণসহ নয় দফা দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন শুরু করেছেন। গতকাল মঙ্গলবার তাঁরা ওই দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে কর্মকর্তা-কর্মচারীদের একটি দল নয় দফা দাবিসংবলিত স্মারকলিপি নিয়ে উপাচার্য আল-নকীব চৌধুরীর কার্যালয়ে যায়। এ সময় সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আউয়াল কবিরসহ কয়েকজন শিক্ষকের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা শুরু হয়। এতে কর্মকর্তা-কর্মচারীরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। এতে বিশ্ববিদ্যালয়ে সব দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। উপাচার্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে দাবি পূরণের আশ্বাস দিলে বিকেল ৪টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কর্মকর্তা-কর্মচারীদের দাবিগুলো হচ্ছে—পদোন্নতির পরে স্থায়ী পদকে অস্থায়ী না করা, প্রশাসনিক কাজে শিক্ষকদের দায়িত্ব না দেওয়া, পদোন্নতির পদ্ধতি আগের অবস্থায় ফিরিয়ে আনা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও সব কমিটিতে শিক্ষক কর্মকর্তাদের সমন্বয় করা, পরিবহন সুবিধা সবার ক্ষেত্রে সমান করা, সব নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া, সিবিএ অনুমোদন ও উপাচার্যের সঙ্গে সাক্ষাতের সময় শিক্ষকদের না রাখা।
কর্মকর্তা-কর্মচারীরা জানান, তাঁদের মধ্যে অনেকেই চার-পাঁচ বছর ধরে মাস্টাররোলে চাকরি কাজ করছেন। কিন্তু তাঁদের চাকরি স্থায়ী করা হচ্ছে না। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রশাসনিক কাজ, পরিবহন সুবিধা ও বিভিন্ন কমিটিতে শিক্ষকদের একচ্ছত্র আধিপত্য দেখা যাচ্ছে। এতে দিনে দিনে কর্মকর্তা-কর্মচারীরা কোণঠাসা হয়ে পড়ছেন। ফলে তাঁরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়কে কেন্দ্র করে ক্যাম্পাসে একটু উত্তেজনার সৃষ্টি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আউয়াল কবির বলেন, কর্মকর্তা-কর্মচারীদের দাবি-দাওয়া নিয়ে নিয়ে একটু কথা-কাটাকাটি হয়েছিল। এটি তেমন কোনো ঘটনা নয়। পরে আলোচনা সাপেক্ষে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
উপাচার্য আল-নকীব চৌধুরী বলেন, কর্মকর্তা-কর্মচারীরা অনেকগুলো দাবি উত্থাপন করেছেন। এর মধ্যে যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করার চেষ্টা করা হবে।