নয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্যাতনে শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) হত্যা মামলার টানা নয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। সিলেট মহানগর দায়রা জজ আদালতে ২২ সেপ্টেম্বর অভিযোগ গঠনের পর টানা সাক্ষ্যগ্রহণের এই তারিখ নির্ধারণ করেছিলেন বিচারক।
মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফুর আলী জানান, নয় দিনে মামলার ৩৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে।
গত ৮ জুলাই চুরির অপবাদ দিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ড-সংলগ্ন শেখপাড়ায় নির্যাতন করে হত্যা করা হয় সবজি বিক্রেতা রাজনকে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ আসামি গ্রেপ্তার হয়েছেন। ঘটনার মূল হোতা কামরুল ইসলাম ধরা পড়েছেন সৌদি আরবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৬ আগস্ট ১৩ জনকে অভিযুক্ত করে মহানগর মুখ্য হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন কুমারগাঁও বাসস্ট্যান্ডের পার্শ্ববর্তী শেখপাড়ার বাসিন্দা কামরুল ইসলাম, তাঁর ভাই মুহিত আলম, আলী হায়দার ও শামীম আলম, চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়না, আয়াজ আলী, রুহুল আমীন, দুলাল আহমদ, তাজউদ্দিন আহমদ ওরফে বাদল, ঘটনার প্রত্যক্ষদর্শী ফিরোজ মিয়া, আজমত উল্লাহ, জাকির হোসেন ওরফে পাবেল ওরফে রাজু ও ভিডিও চিত্র ধারণকারী নূর আহমদ। এঁদের মধ্যে পলাতক রয়েছেন শামীম আহমদ ও জাকির হোসেন।
৭ সেপ্টেম্বর মামলাটি বিচারের জন্য মুখ্য হাকিম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরিত হলে ২২ সেপ্টেম্বর অভিযোগ গঠন হয়।