নয় মাস ধরে অনুপস্থিত চেয়ারম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা নয় মাস ধরে চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। জামায়াত-সমর্থিত উপজেলা চেয়ারম্যান ফরিদ উদ্দিন খানের বিরুদ্ধে ভাঙচুর, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে রয়েছেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান জানান, গত বছরের জুন থেকে ফরিদ উদ্দিন খান উপজেলা পরিষদে আসছেন না। এর মধ্যে গত বছরের ২৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৬ মার্চ পর্যন্ত তিনি ছুটিতে ছিলেন। এরপর তিনি আবার ৯০ দিনের ছুটির আবেদন করেন, কিন্তু মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।
ইউএনও বলেন, বর্তমানে লোহাগাড়া উপজেলা পরিষদে প্রায় আড়াই কোটি টাকা অলস পড়ে রয়েছে। চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে এ টাকা উন্নয়ন কর্মকাণ্ডে বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। দাপ্তরিক কাজেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। টানা অনুপস্থিতির কারণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে গত ৮ মার্চ ফরিদ উদ্দিন খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
লোহাগাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রতিপদ দেওয়ান বলেন, উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রকল্প গ্রহণ, দরপত্র আহ্বান ও অর্থ পরিশোধের জন্য উপজেলা চেয়ারম্যানের স্বাক্ষর আবশ্যক। কিন্তু তাঁর অনুপস্থিতিতে উন্নয়নকাজ আটকে গেছে।
এ ব্যাপারে ফরিদ উদ্দিন খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত বছরের মে মাস পর্যন্ত তিনি পরিষদের সব কার্যক্রমে সক্রিয় ছিলেন। নিয়মিত উপজেলা পরিষদের বিভিন্ন সভায়ও উপস্থিত থাকতেন। কিন্তু তাঁর বিরুদ্ধে করা ভাঙচুর ও নাশকতার তিনটি মামলায় জামিন না হওয়ায় তিনি পরিষদে যাচ্ছেন না। মামলা-সংক্রান্ত জটিলতা নিষ্পত্তি হলে এবং জামিন পেলেই উপজেলা পরিষদের কার্যক্রমে অংশ নেবেন তিনি।