নয় মাস পর তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারীতে ভুলে ভরা প্রশ্নপত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা নেওয়ার নয় মাস পর তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (তদন্ত ও শৃঙ্খলা) ইন্দু ভূষণ দেব বিষয়টির তদন্ত করতে গত মঙ্গলবার আদিতমারীতে আসেন। উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের উপস্থিতিতে ওই ঘটনার তদন্ত করেছেন।
২০১৪ সালের ৮ ডিসেম্বর আদিতমারীর ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির বাংলা পরীক্ষা নেওয়া হয়। এর আগে একই শ্রেণির ইংরেজি পরীক্ষা হয়। এ দুটি বিষয়ের প্রশ্নপত্রেই প্রচুর ভুল থাকার অভিযোগ ওঠে।
২০১৪ সালের ৯ ডিসেম্বর প্রথম আলোর অনলাইন সংস্করণে ভুলে ভরা প্রশ্নপত্রের ছবিসহ একটি সংবাদ প্রকাশিত হয়। পরদিন ১০ ডিসেম্বর প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘ভুলে ভরা প্রশ্নপত্রে পরীক্ষা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ দুটি সংবাদের পরিপ্রেক্ষিতে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম ও লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) আকতারুন নেছা সংশ্লিষ্ট কার্যালয়ে এর কারণ জানতে চেয়ে চিঠি দেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন সরকার বলেন, ‘প্রথম আলোতে ভুলে ভরা প্রশ্নপত্রে পরীক্ষার বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের এর কারণ ব্যাখ্যা করতে বলা হয়। প্রশ্নপত্র প্রণয়নে বিভিন্ন ভুল ও অসংগতি ছিল; যা কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে। এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে এর কারণ ও প্রতিকারের বিষয়ে সিদ্ধান্ত নিতে তদন্ত করা হচ্ছে বলে জানতে পেরেছি।’
নবেজ উদ্দিন বলেন, বিষয়টিকে মন্ত্রণালয় খুব গুরুত্ব দিয়েছে। এ জন্যই সম্ভবত সময় নিয়ে তদন্ত করা হচ্ছে।
আদিতমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন আজাদী বলেন, ‘প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দু ভূষণ দেব স্যারকে বলেছি, সঠিকভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও মুদ্রণের দায়িত্ব আমাদের ওপর ছিল। অনিচ্ছাকৃতভাবে আমাদের কিছু ভুলত্রুটি হয়েছে। ভবিষ্যতে তা আর হবে না বলে সাবধান থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছি।’