নয় মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) এক প্রতিবেদনে বলেছে, চলতি বছরের প্রথম নয় মাসে রাজনৈতিক সহিংসতায় ১৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতে মারা গেছেন ২৩ জন। একই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ও ‘ক্রসফায়ারে’ নিহত হন ১১৯ জন।
আসক চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। গতকাল মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ঘটনা ধরে সংস্থাটি প্রতি তিন মাস পর পর এ প্রতিবেদন তৈরি করে।
প্রতিবেদনে বলা হয়, এ নয় মাসে সারা দেশে মোট ৫০৯টি রাজনৈতিক সহিংসতায় ১৩০ জন নিহত ও ছয় হাজার ৫৮৭ জন আহত হয়েছেন। এর মধ্যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতের ৮৮টি ঘটনায় ২৩ জন নিহত এবং এক হাজার ১৩৪ জন আহত হয়েছেন। একই সময়ে বিএনপির অভ্যন্তরীণ সংঘাতের ১৭টি ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত ও ১৩৪ জন আহত হয়েছেন। আর আওয়ামী লীগ-বিএনপির সংঘাতের ৬৯টি ঘটনায় ১৯ জন নিহত ও ৫৮০ জন আহত হন। আওয়ামী লীগের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘাতে তিনজন নিহত হয়েছেন। জাতীয়, উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচন নিয়ে সহিংসতায় নিহত হয়েছেন ৬০ জন।
প্রতিবেদনে বলা হয়, ‘ক্রসফায়ার’ ও হেফাজতে নিহত ১১৯ জনের মধ্যে পুলিশ ও ডিবির ‘ক্রসফায়ারে’ ৫৮ জন এবং র্যা বের ‘ক্রসফায়ারে’ ২৯ জন রয়েছেন। এই নয় মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ৮২ জনকে গুম ও অপহরণের অভিযোগ করেছে তাঁদের পরিবার।
একই সময়ে সীমান্তে গুলি ও নির্যাতন করে ২৫ জনকে হত্যা করা হয়েছে। সারা দেশে গণপিটুনিতে ৯৫ জনকে হত্যা করা হয়েছে। এ সময়ে যৌন নিগ্রহের শিকার হয়ে ১০ জন নারী আত্মহত্যা করেছেন। যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে তিনজন পুরুষ ও চারজন নারী নিহত হয়েছেন। যৌতুককে কেন্দ্র করে ১২৮ জন নারীকে হত্যা করা হয়েছে, আরও ২২৯ জন নারী নির্যাতিত হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন ৫২৭ জন নারী। ৪৩ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ধর্ষণের পরে আত্মহত্যা করেছেন ১১ জন নারী।