নয় মাসেই ভেঙে গেল!
রংপুরের তারাগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদীর ওপর কাশিয়াবাড়ি সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়কটি তৈরির নয় মাসের মধ্যেই ভেঙে গেছে। এতে ওই সেতু দিয়ে চলাচলকারী ৩০ গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে। গত জুলাই মাসের বন্যায় সংযোগ সড়কটি ভেঙে যায়।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, সংযোগ সড়কটি ভেঙে যাওয়ায় যানবাহন অতিরিক্ত পথ ঘুরে যাতায়াত করছে।
উজিয়াল গ্রামের হোসেন আলী (৪২) বলেন, ‘পুলের রাস্তা কোনার ভাঙা জাগাত মাটি দিবার জন্য ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ি হামরা দুই দিন গেছি। উপজেলা চেয়ারম্যানরেও ১৫ দিন আগোত তারাগঞ্জের অফিসত যায়া কছি।’
উপজেলা প্রকৌশলীর দপ্তর সূত্র জানায়, নদীর কাশিয়াবাড়ি খেয়াঘাটে ১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ৮০ মিটার দীর্ঘ ওই সেতুটি নির্মাণের কাজ ২০১৪ সালের অক্টোবরে শেষ হয়। তখন সেতুর দুই পাশে সংযোগ সড়কও বানানো হয়। কিন্তু এবারের বন্যায় সেতুর পশ্চিম দিকের সংযোগ সড়ক ভেঙে গেছে। ফলে আশপাশের ৩০ গ্রামের মানুষকে নয় কিলোমিটার পথ ঘুরে হাতীবান্ধা-ডাঙ্গীরহাট রাস্তা দিয়ে উপজেলা সদরে যেতে হচ্ছে।
হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, সেতুটির সংযোগ সড়ক রি করতে যে টাক দরকার তা ইউপির তহবিলে নেই।
উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, বরাদ্দ পেলে এ বছরে ওই স্থানে মাটি ভরাটের চেষ্টা করা হবে।