নয় মাস আগে দিনাজপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিল হয়েছে। কিন্তু আজ পর্যন্ত প্রস্তাবিত জেলা কমিটির অনুমোদন দেয়নি কেন্দ্রীয় কমিটি। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের আজ্ঞাবহ এবং পরিবারের সদস্যদের নিয়ে প্রস্তাবিত ওই কমিটি করেছেন বলে অভিযোগ রয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসনের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দিনাজপুর জেলা কমিটির ব্যাপারে সভানেত্রীর কাছে লিখিত আপত্তি গেছে। নেত্রীর অনুমোদন ছাড়া জেলা কমিটি বৈধতা পাবে না।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুল হক জানান, গত ২৩ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের কাউন্সিল হয়। কাউন্সিলে মোস্তাফিজুর রহমান সভাপতি ও আজিজুল ইমাম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল আহসান বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের আজ্ঞাবহ এবং পরিবারের সদস্যদের নিয়ে একটি পকেট কমিটি করে তা অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠিয়েছেন। সেখানে দলের ত্যাগী নেতাদের স্থান হয়নি। অথচ অখ্যাত ও বিতর্কিত অনেকের নাম আছে।
জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হুদা বলেন, কমিটিতে তাঁকে শিক্ষাবিষয়ক সম্পাদক করা হয়েছে; যা তিনি কোনোভাবেই মানতে পারছেন না।
দলের একাধিক নেতা-কর্মী অভিযোগ করেন, সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা কমিটিকে তাঁদের পারিবারিক এবং পকেট কমিটিতে রূপান্তর করেছেন। সভাপতির ছোট ভাই মুশফিকুর রহমানকে ফুলবাড়ী থানা কমিটির সাধারণ সম্পাদক এবং একই সঙ্গে জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। তাঁর ভাগিনা সেলিম চৌধুরীকে জেলা কমিটিতে দপ্তর সম্পাদক করেছেন। সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীর স্ত্রী জিন্নাত আরা চৌধুরীকে জেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদক, ভাগিনা তাজুল শামসকে সহ-দপ্তর সম্পাদক, নাতি রেজানুর ইসলামকে সহ-প্রচার সম্পাদক করা হয়েছে। দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সাংসদ ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান জেলা কমিটির সভাপতি হলেও দিনাজপুর সদরসহ বাকি পাঁচজন সাংসদকে কমিটির সদস্য করেছেন মাত্র। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে।
শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান জানান, গত ২১ জুন জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলা কমিটি গঠন নিয়ে নেতা-কর্মীদের তোপের মুখে পড়েন সভাপতি ও সাধারণ সম্পাদক।
আজিজুল ইমাম চৌধুরী বলেন, গত বছরের ২৩ ডিসেম্বর কাউন্সিল শেষে ওই দিনই জেলা কমিটির ৭১ সদস্যের খসড়া জেলা কমিটি তৈরি করে কাউন্সিলের চেয়ারম্যান প্রেসিডিয়াম সদস্য মো. নাসিমের হাতে দেওয়া হয়েছে। তিনি সেটি অনুমোদন দিয়ে কেন্দ্রে জমা দিয়েছেন। নিয়ম অনুযায়ী কাউন্সিলের চেয়ারম্যান অনুমোদন দিলেই ওই কমিটি বৈধ বলে বিবেচিত হয়।