নয় মাসেও তদন্ত হয়নি, ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ‘কদমতলী মৎস্য অভয়াশ্রম’ খননকাজে অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের তারিখ নয় মাস আগে নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত তদন্ত না হওয়ায় এ ঘটনায় জড়িত লোকজন অভিযোগকারীদের সঙ্গে খারাপ আচরণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে অভিযোগকারীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন ‘বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প এলাকায় এবং অন্যান্য জলাশয়ে সমন্বিত মৎস্য প্রাণিসম্পদ উন্নয়ন (চতুর্থ পর্যায়) শীর্ষক’ প্রকল্পের মাধ্যমে কদমতলী মৎস্য অভয়াশ্রম খননকাজের জন্য সাত লাখ টাকা বরাদ্দ করা হয়। প্রকল্পটি বাস্তবায়নের জন্য জেলা মৎস্য কর্মকর্তাকে সভাপতি ও উপজেলা মৎস্য কর্মকর্তাকে সদস্যসচিব করে আট সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়।
মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নের জন্য ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ হাফিজ উদ্দীন আহম্মেদ দৌলতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আবু রায়হানকে সভাপতি করে ছয় সদস্যের অপর একটি কমিটি গঠন করে দেন। কমিটির অপর পাঁচ সদস্য হলেন হামিদুল ইসলাম, আতাউর রহমান, ফারাজান আলী, দেলু রানী ও আবদুস সালাম। কমিটির সদস্যরা নামমাত্র কাজ করিয়ে বরাদ্দের অর্থ আত্মসাৎ করেছেন বলে অভয়াশ্রমের মৎস্যজীবীসহ ৫১ জন গ্রামবাসী মৎস্য অধিদপ্তরের পরিচালকের কাছে গত বছরের অক্টোবর মাসে লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে গত বছরের ৬ নভেম্বর প্রথম আলোতে ‘মৎস্য অভয়াশ্রম খননের অর্থ আত্মসাতের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে মৎস্য অধিদপ্তরের সহকারী প্রধান আবদুর রশিদ ঢালী সরেজমিনে তদন্তের উদ্যোগ দেন। তিনি গত বছরের ৩০ ও ৩১ ডিসেম্বর অভয়াশ্রমে গিয়ে তদন্ত করার তারিখ উল্লেখ করে অভিযোগকারীদের একটি চিঠি পাঠান। কিন্তু আজও তদন্ত হয়নি।
অভয়াশ্রমের মৎস্যজীবীরা জানান, তদন্ত না হওয়ায় ওই ঘটনার সঙ্গে জড়িত ফারাজান আলী অভিযোগকারীদের সঙ্গে খারাপ আচরণ করছেন। এ কারণে মৎস্যজীবীরা অভয়াশ্রমে মাছ ধরতে পারছেন না। ফারাজান আলী অভিযোগকারীদের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ অস্বীকার করেছেন।
মৎস্য অধিদপ্তরের সহকারী প্রধান আবদুর রশীদ মুঠোফোনে জানান, সে সময় হরতালসহ বিভিন্ন কারণে যাওয়া সম্ভব হয়নি। তবে আবারও তারিখ নির্ধারণ করে ওই ঘটনার তদন্ত করা হবে।
উপজেলার বনুয়াপাড়া গ্রামের আফজাল হোসেন বলেন, ‘গত বছরের ৩০ ও ৩১ ডিসেম্বর তদন্ত করা হবে মর্মে মৎস্য অধিদপ্তর থেকে আমাদের চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু নয় মাস পরেও তদন্ত হলো না। তদন্তকারী কর্মকর্তা কেন পিছিয়ে গেলেন তা আমাদের খুঁজে বের করতে হবে।’