নয় লাখ মানুষের জন্য ৩২৪টি আশ্রয়কেন্দ্র
উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মহাসেন। সমূহ বিপদ সামনে রেখে বরগুনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি আঘাত হানলে বরগুনার ছয় উপজেলায় দুর্যোগের ঝুঁকিতে থাকা অন্তত পাঁচ লাখ ৬৪ হাজার মানুষকে সরিয়ে নিতে হবে নিরাপদ স্থানে। কিন্তু এই ছয় উপজেলায় ৩২৪টি আশ্রয়কেন্দ্রে জায়গা হতে পারে মাত্র এক লাখ ৩০ হাজার মানুষের।
পাশাপাশি সিডর-আইলায় বিলীন ও ক্ষতিগ্রস্ত অন্তত ২৭০ কিলোমিটার বাঁধ এখনো মেরামত হয়নি। অনেক স্লুইসগেট পড়ে আছে অকেজো। ঘূর্ণিঝড়ের সময় সামান্য উঁচু মাত্রার জলোচ্ছ্বাস হলে পানি ঢুকে ব্যাপক জীবন ও ফসলের ক্ষতি করতে পারে।
বরগুনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, ৩২৪টি আশ্রয়কেন্দ্রের প্রতিটিতে গড়ে সর্বোচ্চ ৪০০ জন করে আশ্রয় নিলে প্রায় দেড় লাখ লোক অবস্থান নিতে পারবে। তবে সরকারি-বেসরকারি বিভিন্ন ভবনকে জরুরি মুহূর্তে ব্যবহার করে আরও কিছু মানুষকে জায়গা দেওয়া যাবে।
জেলায় সবচেয়ে ঝুঁকিতে আছে বরগুনা সদরের নলটোনা, বদরখালী, বালিয়াতলী, ঢলুয়া ও বুড়ির চর ইউনিয়ন; পাথরঘাটা সদর, কালমেঘা, চরদুয়ানি, কাঁঠালতলী, কাকচিড়া ও নাচনাপাড়া; রায়হানপুর ইউনিয়নের কিছু অংশ; আমতলী উপজেলার গুলিশাখালী, আমতলী পৌর শহর, চাওড়া, আরপাঙ্গাশিয়া; তালতলী উপজেলার সব কটি ইউনিয়ন; বামনা উপজেলার ডৌয়াতলা, বামনা সদর ও রামনা ইউনিয়ন এবং বেতাগী উপজেলার বিবিচিনি, বেতাগী সদর ইউনিয়ন ও সরিষামুড়ি ইউনিয়নের আংশিক। ২০০৭ সালের সিডরে সারা দেশে তিন হাজার ২০০ মানুষের প্রাণহানি হয়। এর মধ্যে বরগুনার এসব এলাকায় মারা যায় প্রায় এক হাজার ৬০০ জন।
জেলার অধিক দুর্যোগপ্রবণ দুই উপজেলা আমতলী ও তালতলী উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম বলেন, দুই উপজেলায় দুই লাখ ৭১ হাজার মানুষই মারাত্মক ঝুঁকির মধ্যে আছে। এই মানুষের জন্য আশ্রয়কেন্দ্র আছে মাত্র ৯২টি, যেখানে ৩৬ হাজার ৮০০ জন আশ্রয় নিতে পারবে।
বঙ্গোপসাগর তীরের পাথরঘাটা উপজেলায় ৮৭টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে পারেন ৩৪ হাজার ৮০০ জন। কিন্তু ঝুঁকিপূর্ণ ছয় ইউনিয়নের বাসিন্দা এক লাখ ৬৭ হাজার। পাথরঘাটার পিআইও মাহবুব হোসেন বলেন, ‘আমাদের সাধ্য অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’ একইভাবে বামনা উপজেলায় ২৬টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে পারবে ১০ হাজার ৪০০ জন।
তালতলী উপজেলার নলবুনিয়া এলাকায় গিয়ে মানুষের উদ্বেগ-উৎকণ্ঠার কথা জানা যায়। স্থানীয় বাসিন্দা সোলায়মান ফকির বলেন, ‘সিডরের পর মোগো মোনে ডর ঢুইক্কা গ্যাছে। এহন বইন্নার কথা হোনলে কইলজায় পানি থাহে না। তিন দিন ধইর্যা রাইতে ঘুমাই না