নয়জন আটক, তিন নারীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের আগের দিন গতকাল সোমবার মিরপুর, শান্তিনগর ও মতিঝিল থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর নয়জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। কামরাঙ্গীরচরে বিএনপির তিন নারী কর্মীকে টাকা বিতরণের অভিযোগে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশের দাবি, তাঁরা সবাই বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোটারদের টাকা বিতরণ করছিলেন।
পুলিশ জানিয়েছে, মিরপুরের পাইকপাড়ার আহম্মেদনগর থেকে গতকাল সকালে বিএনপির ছয়জন কর্মীকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, তাঁরা বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে টাকা বিতরণ করছিলেন। ছয়জনের মধ্যে একজন হলেন উত্তরের ১২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী ও বিএনপির নেত্রী রুনু আক্তারের মেয়ে সারফিন আক্তার।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন আহমেদের দাবি, আটককৃতরা ভোটারদের টাকা দিচ্ছিলেন। এ সময় তাঁদের কাছে তিন লাখ টাকা পাওয়া গেছে।
পুলিশ জানায়, বেলা তিনটার দিকে শান্তিনগর এলাকায় ভোটারদের ‘টাকা দেওয়ার সময়’ দুজনকে আটক করে পল্টন থানার পুলিশ। তাঁরা হলেন শান্তিনগর কাঁচাবাজার শাখা যুবদলের সভাপতি আবু সুফিয়ান ও জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্য আবু তালেব।
পল্টন থানার ওসি মোর্শেদ আলম প্রথম আলোকে জানান, শান্তিনগর কাঁচাবাজার এলাকায় অর্থের বিনিময়ে ভোটারদের কাছ থেকে ভোট কেনার চেষ্টার সময় দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছে ২৭ হাজার টাকা পাওয়া গেছে।
পুলিশের দাবি, বিকেল সাড়ে পাঁচটার দিকে মতিঝিল এলাকা থেকে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশারকে ২২ হাজার টাকাসহ আটক করা হয়েছে।
এ ছাড়া কামরাঙ্গীরচরে বিএনপি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীর পক্ষে টাকা বিতরণের অভিযোগে দলটির তিন নারী কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। কামরাঙ্গীরচর থানার ওসি শেখ মহসিন আলম জানান, কামরাঙ্গীরচর এলাকার ৫৬ নম্বর ওয়ার্ডে বিএনপি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী মো. নাঈমের (প্রতীক কাঁটাচামচ) পক্ষে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টার সময় ওই তিন নারী কর্মীকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত তাঁদের দণ্ড দেন। তাঁদের মধ্যে সেতারা বেগমকে সাত দিন, শিল্পী বেগম ও হোসনে আরাকে তিন দিন করে কারাদণ্ড দেন আদালত।
পুলিশ জানায়, সেতারা বেগম কামরাঙ্গীরচর থানা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদিকা।
গত রোববার রাতে রাজধানীতে বিএনপির আরও তিন কর্মীকে টাকা বিতরণের অভিযোগে আটক করে রমনা, হাজারীবাগ ও খিলক্ষেত থানার পুলিশ।