নয়জনের জায়গায় চিকিৎসক একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবল কাঠামো অনুযায়ী দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৩১ শয্যা হাসপাতালে নয়জন চিকিৎসক থাকার কথা থাকলেও কর্মরত আছেন মাত্র একজন। গাইনি, সার্জারি ও মেডিসিনের মতো গুরুত্বপূর্ণ পদে চিকিৎসক না থাকায় রোগীরা সেবা পাচ্ছে না।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এখানে চিকিৎসকের নয়টি পদের মধ্যে পাঁচটি শূন্য রয়েছে। এগুলো হচ্ছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জুনিয়র কনসালটেন্ট সার্জারি, মেডিসিন, অ্যানেসথেসিয়া এবং আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) পদ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পদটি গত ১ জুলাই থেকে শূন্য। দিনাজপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমীর আলী সপ্তাহে এক দিন (প্রতি শনিবার) ওই দায়িত্ব পালন করছেন। আরএমওর পদটি প্রায় এক বছর শূন্য। গাইনি পদে নাসরিন সুলতানাকে কর্মরত দেখানো হলেও তিনি গত ৬ ফেব্রুয়ারি সংযুক্ত হিসেবে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে চলে গেছেন। চিকিৎসা কর্মকর্তার দুটি পদ থাকলেও কর্মরত আছেন একজন। তাঁর নাম মো. শাহেদ মোরশেদ। অন্যজন ফারিয়া রশীদকে কর্মরত দেখানো হলেও তিনি ২০১০ সালের ৩ আগস্ট থেকে বিনা অনুমতিতে অনুপস্থিত। একইভাবে ডেন্টাল সার্জন পদে রুমানা বেগমকে কর্মরত দেখানো হলেও তিনি ২০০৬ সালের ১৫ সেপ্টেম্বর থেকে বিনা অনুমতিতে অনুপস্থিত।
স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জহুরুল হক জানান, ফুলবাড়ী ছাড়াও পার্বতীপুর, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার অনেক রোগী এখানে চিকিৎসা নিতে আসে। সমস্যা সমাধানের জন্য ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের বিপ্লব বিশ্বাস নামের একজন চিকিৎসা কর্মকর্তাসহ ছয়জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে এখানে প্রেষণে আনা হয়েছে।
গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে গিয়ে দেখা গেছে, উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা আকতারুজ্জামান জরুরি বিভাগে বসে রোগী দেখছেন। ১২ থেকে ১৫ জন রোগী লাইনে দাঁড়িয়ে আছে। এ সময় পৌরসভার গৌরীপাড়া গ্রামের জামিল হোসেন বলেন, ‘আমার ছেলে পেটের বেদনায় অস্থির। হাসপাতালে একজন ভালো ডাক্তার নেই, এমন হাসপাতাল না থাকলে কী হয়।’
আকতারুজ্জামান জানান, প্রতিদিন বহির্বিভাগে ২০০ থেকে ২৫০ ও অন্তর্বিভাগে ৩১ জন রোগীকে চিকিৎসা দিতে হয়। কিন্তু চিকিৎসক-সংকটের কারণে তারা যথাযথ সেবা পাচ্ছে না। সিভিল সার্জন মউদুদ আহমেঞ্চদ বলেন, ‘এ বিষয়ে স্থানীয় সাংসদ ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান এবং পরিচালক মহোদয়ের সঙ্গে আলোচনা করেছি। তাঁরা শিগগির শূন্যপদ পূরণের আশ্বাস দিয়েছেন।’