নয়জনের পরিবারকে সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে গত সোমবার দিবাগত রাত তিনটায় কক্সবাজার থেকে ছেড়ে আসা আইকন পরিবহনের একটি বাসে পেট্রলবোমা হামলায় আহত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাফাইকান্দা গ্রামের নয়জনের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে গতকাল বুধবার রাতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে উপজেলার সনমান্দি ইউনিয়নের কাফাইকান্দা গ্রামের বাসিন্দা হচ্ছেন বাবুল মিয়া, মাইন উদ্দিন, ঈমান আলী, গোলাপ হোসেন, শফিকুল ইসলাম, শরীফ হোসেন, বাবুল হোসেন, আমির হোসেন ও গোলাম মিয়া। এঁদের মধ্যে শফিকুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তাঁরা সবাই খই ব্যবসায়ী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক সাজ্জাদ খন্দকারের উদ্ধৃতি দিয়ে শফিকুল ইসলামের বাবা আলাউদ্দিন মিয়া জানান, শফিকুল ইসলামের শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে। তাঁর ছেলের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল বুধবার রাতে আহত ব্যক্তিদের বাড়িতে গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে এক বস্তা চাল, পাঁচ লিটার তেল, পাঁচ কেজি আলু, পাঁচ কেজি পেঁয়াজ, দুই কেজি ডাল, দুই কেজি আপেল ও দুই কেজি কমলা বিতরণ করা হয়। এ ছাড়া প্রত্যেকের চিকিৎসার ব্যয়ভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করার ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভুঁঞা, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন শাবু প্রমুখ।