নয়জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকার মুক্তিযোদ্ধা নূর হোসেন হত্যা মামলার রায়ে নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নূর মোহাম্মদ আলী ওরফে নূরা, আহম্মেদ আলী, দীন মোহাম্মদ দিনা, আবদুল কাইয়ুম, আবদুল মালেক, আবদুস সালাম, ইকবাল হোসেন, সফর আলী ও মোহর আলী। রায় ঘোষণার সময় তাঁরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। বিচারক জরিমানার টাকা আদায় করে নিহত ব্যক্তির পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণীতে জানা যায়, ২০০২ সালে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকার মুক্তিযোদ্ধা নূর হোসেনের একটি বেবিট্যাক্সি চুরি হয়ে যায়। ওই বছরের ২ ফেব্রুয়ারি মাগরিবের নামাজের পর বেবিট্যাক্সিটির চোর ধরা পড়েছে বলে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান আসামিরা। এরপর ফতুল্লার ভূঁইগড় এলাকায় নিয়ে তাঁকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। আসামিরা তাঁর লাশ অটোরিকশাযোগে বাড়িতে এনে জানান, সড়ক দুর্ঘটনায় নূর হোসেনের মৃত্যু হয়েছে। পরে ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ দাফন করা হয়। কিন্তু তাঁদের আচরণে সন্দেহ হলে থানায় অভিযোগ করা হয়। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে দাফনের ২৬ দিন পর কবর থেকে নূর হোসেনের লাশ তোলা হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, তাঁকে হত্যা করা হয়েছে। পরে থানায় হত্যা মামলা করেন নূর হোসেনের বাবা বুর্জক আলী। ২৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল এ রায় দেওয়া হলো।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম এ রহিম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী রইস উদ্দিন আহম্মেদ।