
সাংবাদিক গৌতম দাসকে হত্যার দায়ে নয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় দেন। একই সঙ্গে আদালত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে আসামিদের আরও এক বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।গৌতম দাস হত্যার প্রায় আট বছর পর এ রায় ঘোষণা করা হলো। ২০০৬ সালে আসামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের আদেশে মামলার কার্যক্রম স্থগিত হয়ে যায়। ২০১২ সালে আসামিদের আবেদন খারিজ হয়ে গেলে আবার বিচারকাজ শুরু হয়।রায়ে বলা হয়, ‘পূর্বপরিকল্পনা অনুযায়ী একই উদ্দেশ্যে আসামিগণ সাংবাদিক গৌতম দাসকে হত্যা করেছে। তবে কোন আসামি শ্বাসরোধ করে হত্যা করেছে, সেই বিষয়ে সাক্ষ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়নি। তাই আদালত আসামিদের সর্বোচ্চ শাস্তি দেওয়া থেকে বিরত রইলেন।’ রায়ে আরও বলা হয়, ‘রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় আদালত তাদের দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করিলেন।’রায়ে বলা হয়, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ লেখনীর মাধ্যমে রুখে দাঁড়ানো একজন নির্ভীক সাংবাদিকের এ পরিণতি হবে কেন? এ প্রশ্নের উত্তর আশা করে নিহতের পরিবার, সহকর্মী সাংবাদিকেরা এবং দেশের মানুষ। সন্ত্রাসীদের এ হীন অপরাধপ্রবণতার অবসান করা না গেলে সাংবাদিকতায় নির্ভীকতা থাকবে না। সমাজের অন্যায়, অনিয়ম ও অপরাধীদের অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরার একটি মাধ্যম সাংবাদিকতায় নেমে আসবে হতাশা। তাই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যুক্তিসংগত।আদালত গতকাল আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পলাতক আসামির আত্মসমর্পণ বা গ্রেপ্তারের তারিখ থেকে এ রায় কার্যকর হবে। কারাগারে আটক আসামিদের হাজতবাসকাল থেকে সাজার মেয়াদ বাদ যাবে বলে রায়ে উল্লেখ করা হয়।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আসিফ ইমরান, আসিফ ইমতিয়াজ, কাজী মুরাদ, কামরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, আসাদ বিন কাদির, রাজীব হাসান, তামজিদ হোসেন ও আবু তাহের মোহাম্মদ মুর্তজা। তাঁদের মধ্যে প্রথম আটজন কারাগারে আটক রয়েছেন। আবু তাহের পলাতক আছেন। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় স্বাভাবিক ছিলেন। ১৯ জুন আসামিদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার, ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, বাদী হাসানউজ্জামান ও নিহত সাংবাদিকের চাচাতো ভাই বিশ্বরূপ দাস উপস্থিত ছিলেন।
রায়ের প্রতিক্রিয়ায় গোলাম সারওয়ার বলেন, ‘সাংবাদিক গৌতম হত্যার বিচার হয়েছে। আশা করেছিলাম সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। কিন্তু যাবজ্জীবন দেওয়া হলো। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’
তিনি বলেন, সাংবাদিকদের জন্য এ বিচার একটি মাইলফলক। দেরিতে হলেও দেশে এই প্রথম কোনো সাংবাদিক হত্যার বিচার হলো। রায়ে প্রমাণিত হলো, পেশাগত কারণে সাংবাদিক হত্যা হলে বিচার হয়। শামসুর রহমান, হুমায়ুন কবির, মানিক সাহা, মুকুলসহ যেসব সাংবাদিক হত্যা মামলা বিচারাধীন, সেগুলোরও দ্রুত ও ন্যায়বিচার প্রত্যাশা করেন তিনি।
২০০৫ সালে ফরিদপুর শহরের মুজিব সড়কের সংস্কার এবং পুনর্নির্মাণকাজের অনিয়ম ও দুর্নীতির সংবাদ পরিবেশন করায় সমকাল-এর ফরিদপুর ব্যুরো চিফ গৌতম দাসের ওপর ক্ষুব্ধ হয় তৎকালীন ক্ষমতাসীন সরকারের মদদপুষ্ট ঠিকাদার গোষ্ঠী ও তাদের সহযোগী সন্ত্রাসী চক্র। ওই বছরের ১৭ নভেম্বর ব্যুরো কার্যালয়ে গৌতমকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় হাসানউজ্জামান বাদী হয়ে এ মামলা করেন।
গতকাল রায়ের পর গৌতম দাসের স্ত্রী দীপালি দাস প্রথম আলোকে বলেন, ‘আমি এ রায়ে সন্তুষ্ট নই। এ রায় দিয়ে আমি কী করব? এরা তো দুই দিন পরই বের হয়ে যাবে। আবার আরেক জনের স্ত্রী বিধবা হবেন। আরেক মা তাঁর সন্তান হারাবেন। আমি আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। দেশে এত সাংবাদিক নিহত হলো, কোনো সাংবাদিক হত্যারই সুষ্ঠু বিচার হলো না। তাই এ বিচারের বিষয়ে আমাদের আগ্রহ ছিল বেশি।’
মামলার বাদী ও সমকাল-এর ফরিদপুর জেলা প্রতিনিধি হাসানউজ্জামান বলেন, ‘আমরা সর্বোচ্চ শাস্তি চেয়েছিলাম। রায়ে আদালত পারিপার্শ্বিক প্রমাণে তারা (আসামি) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত—এমন মন্তব্য করেছেন। এর পরও এ রায় আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।