নয়টি বিলবোর্ড অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ বিলবোর্ড উচ্ছেদের প্রথম দিন গতকাল সোমবার পাঁচটি ছোট ও চারটি বড় আকৃতির বিলবোর্ড অপসারণ করা হয়েছে। একই সঙ্গে বিলবোর্ড স্থাপনকারী এসব প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত নগরের ২ নম্বর গেট এলাকায় এই অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। অভিযানে করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও নগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
তবে এর আগে অভিযানে দুটি থেকে পাঁচটি ক্রেন ব্যবহার করা হলেও গতকাল মাত্র একটি ক্রেন দিয়ে বিলবোর্ড অপসারণ করা হয়। অভিযানে ২ নম্বর গেটের বিপ্লব উদ্যান এবং জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনের সড়কদ্বীপ ও ফুটপাত থেকে ছোট-বড় নয়টি বিলবোর্ড অপসারণ করা হয়। সড়কদ্বীপ ও ফুটপাত থেকে বিলবোর্ড উচ্ছেদের সময় সিডিএ অ্যাভিনিউ, বায়েজিদ বোস্তামী সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে।
অভিযানের সময় কয়েকজন ব্যবসায়ী দাবি করেন, তাঁরা অনুমতি নিয়েই বিলবোর্ড স্থাপন করেছেন। অনুমতি-সংক্রান্ত কিছু কাগজপত্র নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করেন। এসব বিলবোর্ড অপসারণে আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে বলে দাবি করেন তাঁরা।
করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন বেলা ১১টার দিকে বিলবোর্ড উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, পর্যায়ক্রমে নগরের সমস্ত অবৈধ বিলবোর্ড অপসারণ করা হবে। মেয়র নগরের বিভিন্ন ভবনের ওপর ঝুঁকিপূর্ণভাবে স্থাপন করা বিলবোর্ডও উচ্ছেদের ঘোষণা দেন। ব্যবসায়ীদের কাগজপত্র উত্থাপন প্রসঙ্গে আ জ ম নাছির বলেন, ‘করপোরেশনের নথিতে এ ধরনের কোনো কাগজপত্র নেই। কোথা থেকে এসব কাগজপত্র পেয়েছেন, তা তাঁরাই ভালো জানেন।’
সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে হলোগ্রাম মার্কেটিংকে ১০ হাজার টাকা, অ্যাড কেয়ার, উইল অ্যাড ও অ্যাডভেলীকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা এবং ভূঁইয়া অ্যাডকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
অ্যাড কেয়ারের মালিক এম এ হোসেন প্রথম আলোর কাছে দাবি করেন, করপোরেশনের অনুমতি নিয়েই তিনি বিলবোর্ড স্থাপন করেছেন। এই বিলবোর্ড অপসারণে আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে। কিন্তু তা উপেক্ষা করে অপসারণ করা হয়েছে। এ জন্য করপোরেশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, করপোরেশনের রাজস্ব বিভাগের তালিকা অনুযায়ী অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। বিলবোর্ডের মালিকদের যদি কোনো আপত্তি থাকে, তাহলে তাঁরা রাজস্ব বিভাগে যোগাযোগ করতে পারেন।
সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে নগরের বৈধ-অবৈধ বিলবোর্ডের তালিকা করা হয়। এ তালিকা অনুযায়ী নগরে বৈধ বিলবোর্ড রয়েছে ৪২৯টি এবং অবৈধ বিলবোর্ড ১ হাজার ৩৩টি।