নয়াটোলায় দুই শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াটোলায় দুই শিশুকে হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি শহিদুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দণ্ড বহাল রাখেন। দুই আসামি হলেন লিটন ও রঞ্জু। ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের জেল আপিলের ওপর শুনানি শেষে এ রায় দেওয়া হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী। আসামিপক্ষে ছিলেন আইনজীবী খবির উদ্দিন ভুঁইয়া। পরে ভীষ্মদেব চক্রবর্তী প্রথম আলোকে বলেন, অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। এ ক্ষেত্রে আসামিদের স্বীকরোক্তিমূলক জবানবন্দি, অপরাধের ধরন ও নৃংশতা বিবেচনার পক্ষে যুক্তি দেওয়া হয়।
আইনজীবীরা জানান, রাজধানীর মীরেরটেক এলাকার বাসা থেকে খেলতে গিয়ে জুয়েল (১০) ও বিপ্লব (৭) নামের দুই শিশু ২০০৮ সালের ২৯ এপ্রিল বের হলেও আর তারা বাসায় ফেরেনি। ২০০৮ সালের ১ মে নয়াটোলার একটি পরিত্যক্ত বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ওই দিনই জুয়েলের বাবা আলাল উদ্দিন রমনা থানায় একটি মামলা করেন। এই মামলায় রঞ্জু সরকার ওরফে রঞ্জু সরদারকে ওই বছরের ২৭ জুন ও ২৯ জুন লিটন ওরফে কসাই লিটনকে গ্রেপ্তার করে পুলিশ। এ দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই বছরের ২৩ জুলাই তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০০৯ সালের ৫ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ লিটন ও রঞ্জুকে মৃত্যুদণ্ড দেন।