নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদ্যাপিত
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গত বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও সন্ধ্যায় আদ্যন্ত বাঙালি সংস্কৃতির বিচ্ছুরণের মধ্য দিয়ে উদ্যাপিত হয় মহান বিজয় দিবস। শামা রহমানের কণ্ঠে রবীন্দ্র-নজরুল-দ্বিজেন্দ্রলালের গান এবং শোভনা নারায়ণের কত্থকের মাধুর্যে সন্ধ্যার অনুষ্ঠানটি মোহাবিষ্ট করে সবাইকে।
উৎসবমুখর হাইকমিশন চত্বর সকাল থেকেই ছিল লাল-সবুজ। হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু করেন বিজয় দিবসের অনুষ্ঠান। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বার্তা পাঠের পর স্বাধীনতাসংগ্রামের শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।
সন্ধ্যা মনোরম হয়ে ওঠে নাচ ও গানের সুর-মূর্ছনায়। নানা দেশের রাষ্ট্রদূত, স্বাধীনতাসংগ্রামে সক্রিয় অংশ নেওয়া ভারতীয় সাবেক সেনানী, কূটনীতিক এবং বিশিষ্টজনের সমাবেশে রবীন্দ্রনাথ, নজরুল ও দ্বিজেন্দ্রলালের গানে এক মায়াবী আবেশ সৃষ্টি করেন শামা রহমান। বিজয় দিবসের দিন ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’ এক অনন্য আবহ রচনা করে। সেই আবহের মাঝে যখন তিনি দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ শুরু করেন, হাইকমিশনের মৈত্রী হলে উপস্থিত বাঙালিদের কণ্ঠও তখন গুনগুনিয়ে ওঠে। সে এক অনন্য অনুভূতি।
গানের পরেই বিজয় দিবসের অনন্য প্রাপ্তি পদ্মশ্রী গুরু শোভনা নারায়ণ ও তাঁর কৃতী ছাত্রীদের রবীন্দ্রসংগীত-ভিত্তিক কত্থক অনুষ্ঠান।