নয়াদিল্লিতে মমতা, তিস্তা নিয়ে জল্পনা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লি এসেছেন। আজ বুধবার রাজ্যের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠক। সেই বৈঠকে তিস্তা প্রসঙ্গ আলোচিত হয় কি না, এই মুহূর্তে সেটাই বড় জল্পনা।
কেন্দ্রীয় সূত্রের খবর, স্থলসীমান্ত চুক্তি সই হওয়ার পরে প্রধানমন্ত্রী মোদি তিস্তা চুক্তি সম্পন্ন করতে আগ্রহী। মমতাকে সঙ্গে নিয়ে ঢাকা গিয়ে সেই বার্তা তিনি দিয়ে এসেছেন। তিস্তা নিয়ে আশার কথা শুনিয়েছেন মমতাও। ফেব্রুয়ারিতে বাংলাদেশে গিয়ে তাঁর ওপর ভরসা রাখার কথা প্রকাশ্যে শুনিয়ে এসেছেন। যদিও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের মতে, আগামী বছর রাজ্য বিধানসভার নির্বাচন শেষ না হলে মমতা এ বিষয়ে এগোতে রাজি নন।
তিস্তা নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে হলে পশ্চিমবঙ্গের স্বার্থের বিষয়টি কেন্দ্রকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে। মমতার বক্তব্য দুটি। প্রথমত, রাজ্যের স্বার্থ হানি করে, এমন কিছু তিনি করবেন না। দ্বিতীয়ত, তিস্তায় গ্রীষ্মকালে পর্যাপ্ত পানি থাকে না। যার ফলে বাংলাদেশের চাহিদামতো পানি দেওয়া অসম্ভব। তাঁর বক্তব্য, বাংলাদেশের চাহিদা মেটাতে গেলে প্রয়োজন তিস্তায় পানিপ্রবাহ বাড়ানো। সে জন্য সিকিম সরকারের সঙ্গেও কেন্দ্রকে কথা বলতে হবে। এ ব্যবস্থা না করে চুক্তি হলে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কৃষি খাতে পানি অমিল হয়ে দাঁড়াবে। ক্ষতি হবে রাজ্যের।
মমতাকে মঙ্গলবার প্রশ্ন করা হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিস্তা প্রসঙ্গ আলোচিত হবে কি না। মমতার উত্তর, ‘কেন? কী কারণে?’ বিষয়টি নিয়ে মমতা আর কথা বাড়াননি। তবে কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর, মমতার সঙ্গে আলোচনার সময় প্রধানমন্ত্রী নিশ্চয় তিস্তা নিয়ে সলতে পাকানোর কাজটুকু করে রাখবেন। ওই সূত্রের কথায়, স্থলসীমান্ত চুক্তির ক্ষেত্রেও মমতার প্রাথমিক আপত্তি ছিল। কিন্তু অর্থনৈতিক প্যাকেজের মাধ্যমে মমতার মন ভেজানো সম্ভব হয়েছে। তিস্তার ক্ষেত্রেও তেমন কিছু পরিকল্পনা কেন্দ্রের রয়েছে।