নয়াপল্টন থেকে যুবদলের তিন কর্মী আটক
রাজধানীর নয়াপল্টন থেকে গতকাল বৃহস্পতিবার জাতীয়তাবাদী যুবদলের তিনজন কর্মীকে আটক করেছে পুলিশ। তবে তাঁদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের কর্মীরা মিছিল করতে গেলে পুলিশ সেখান থেকে এই তিন কর্মীকে আটক করে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে সরকারের মন্ত্রী ও সাংসদদের ‘মিথ্যাচারের’ প্রতিবাদে যুবদলের নেতা-কর্মীরা সেখানে বিক্ষোভ-সমাবেশ করার জন্য সমবেত হচ্ছিলেন। বেলা ১১টার দিকে সমবেত কর্মীরা স্লোগান দেওয়া শুরু করেন। একপর্যায়ে পুলিশ বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। যুবদলের কেউ কেউ পুলিশকে লক্ষ্য করে ইটের টুকরো নিক্ষেপ করেন। পুলিশ ধাওয়া দিয়ে সমবেত কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার প্রথম আলোকে বলেন, মিছিল-সমাবেশ করতে হলে পুলিশের অনুমতি নিতে হয়। কিন্তু যুবদল এ ধরনের কোনো অনুমতি নেয়নি। তাদের মিছিল করতে নিষেধ করা হলে কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটের টুকরো নিক্ষেপ করেন। এ কারণে তিনজনকে আটক করা হয়েছে।