অবশেষে রাজধানীতে সমাবেশ করার অনুমতি পেয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। তবে তাদের আবেদন অনুযায়ী নয়াপল্টনে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পারবে। সেখানে আজ বুধবার বিকেল তিনটায় এ সমাবেশ করবে দলটি।
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ, বিরোধীদলীয় নেতা-কর্মীদের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি, সব গণহত্যার প্রতিবাদ, দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচার এবং সরকারের পদত্যাগের দাবিতে এই সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।
গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়। ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মাসুদুর রহমান প্রথম আলোকে এই অনুমতির কথা নিশ্চিত করেন।
বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছিল। এ জন্য গতকাল দুপুরে দলের একটি প্রতিনিধিদল মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে যায়। তখন পর্যন্ত সমাবেশের অনুমতি মেলেনি। এ জন্য বিকেলে সংসদ অধিবেশনে অনির্ধারিত বক্তৃতায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির সাংসদেরা। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত বক্তব্যে বিএনপির সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এই সংসদে বলেছেন, সভা-সমাবেশের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। গত পরশু বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়। কিন্তু গতকাল পুলিশ কমিশনার বলেছেন, ওপরের নিষেধ আছে। তিনি বলেন, যদি যানজটের কথা ওঠে, তাহলে দরকার হলে তাঁদের পল্টন, মুক্তাঙ্গন বা সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে দেওয়া হোক।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বিরোধী দল বিএনপিকে দেয়ালঘেরা স্থানে সভা-সমাবেশ করার পরামর্শ দেন। তিনি বলেন, এ ধরনের স্থানে সভা-সমাবেশ করতে চাইলে অনুমোদন দেওয়া সহজ হবে। বিএনপি যদি তাদের অফিস, দেয়ালঘেরা জায়গা, মিলনায়তনে সমাবেশ করার প্রস্তাব দেয়, তবে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগেই বলা হয়েছিল, শান্তিপূর্ণ সমাবেশ করার প্রতিশ্রুতি দিলে তার অনুমতি দেওয়া হবে। এর আগেও শর্ত ভেঙে সমাবেশ করা হয়েছে। পরিবেশ বিনষ্ট করা হয়েছে। যেখানে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়েছে, সেখানে সমাবেশ করা হলে যানজট সৃষ্টি হয়। তিনি বলেন, গণতান্ত্রিক অধিকারের নামে জনগণের জানমালের ক্ষতি করা হলে তার ক্ষতিপূরণ আদায়ের চিন্তা করা হচ্ছে।
অনুমতি না পেয়ে এর আগে ১৩ মে ঢাকায় পূর্বঘোষিত সমাবেশ করতে পারেনি বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। ১৫ মে সমাবেশের নতুন তারিখ ঘোষণা করে, ওই দিনও অনুমতি পায়নি। এরপর বিএনপি আর রাজপথে কোনো সভা-সমাবেশ করতে পারেনি।