নর-নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে গতকাল সোমবার রাতে দুই নর-নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দুটি একটি ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় ছিল। নিহত দুজন হলেন: রূপগঞ্জের আউখাব এলাকার যতীন চন্দ্রের ছেলে পীযূষ (৩০) এবং পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর গ্রামের সোহরাব হোসেনের মেয়ে নূপুর আক্তার (২৬)। ঘটনাস্থল থেকে পুলিশ হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করেছে।স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান জানান, রূপগঞ্জের গোলাকান্দাইল দক্ষিণপাড়া গ্রামের প্রবাসী আতাবুদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন নূপুর আক্তার ও তাঁর স্বামী হাসান মিয়া। তাঁরা ওই বাড়ির তত্ত্বাবধায়কের দায়িত্বও পালন করতেন। ছয় মাস আগে মুঠোফোনে বেলাল হোসেন পরিচয়ে নূপুরের সঙ্গে কথা বলা শুরু করেন পেশায় মিস্ত্রি পীযূষ। পরিচয় আস্তে আস্তে প্রেমের দিকে গড়ায়।ওসি আরও জানান, গত রোববার সকালে নূপুরের স্বামী হাসান রংপুরে যান। এরপর গতকাল সোমবার বিকেল পর্যন্ত তাঁদের ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা বাইরে থেকে ডাকাডাকি করে। সাড়া না পেয়ে তারা জানালা দিয়ে উঁকি মেরে ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া লাশ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সঙ্গে একটি চিরকুটও উদ্ধার করা হয়। তাতে লেখা, ‘আমরা দুজন-দুজনকে ভালোবাসি। এই ভালোবাসা কেউ নেবে না। তাই আমরা স্বেচ্ছায় আত্মহত্যা করলাম। আমাদের আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়।’লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।