নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী আসছেন আজ
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোর্গ ব্রেন্ডে দুই দিনের সফরে আজ সোমবার সকালে ঢাকায় আসছেন। আজ সন্ধ্যায় তিনি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া তিনি একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বাংলা ভাষা ও ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল রোববার এই প্রতিবেদককে বলেন, গত সেপ্টেম্বরে পররাষ্ট্রমন্ত্রী অসলো সফরে দ্বিপক্ষীয় বৈঠকের সময় বোর্গ ব্রেন্ডেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ফেব্রুয়ারিতে ঢাকা সফরের ইচ্ছা প্রকাশ করেন। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী তাঁর এই প্রথম বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, আজ সন্ধ্যায় অনুষ্ঠেয় দুই পররাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠকে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্য (এসডিজি) অর্জনে নরওয়েকে অংশীদার হিসেবে পাওয়ার ইচ্ছার কথা তুলে ধরবে বাংলাদেশ। এ ছাড়া বিনিয়োগ ও বাণিজ্য, আন্তর্জাতিক সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন, সুশাসন, লিঙ্গবৈষম্য বিলোপ ও মানবাধিকার, সংস্কৃতি, শিক্ষা ও মানুষে-মানুষে যোগাযোগসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষ আলোচনা করবে।